নিজস্ব প্রতিবেদক : ২৮ অক্টোবর ২০২৬, বুধবার, ১৮:৫৮:০৫

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ টমাস ডুলির সাফল্যের মন্ত্র দলীয় ঐক্য, ইতিবাচক মানসিকতা ও খেলোয়াড়দের ওপর আস্থা। সমালোচনা নয়, মাঠের খেলায় মনোযোগ দিতে চান তিনি। একই সঙ্গে খেলোয়াড়দের মানসিক চাপ বিবেচনায় নিয়ে সবার ইতিবাচক সমর্থন প্রত্যাশা করছেন এই আমেরিকান কোচ।
বুধবার জাতীয় স্টেডিয়ামে অনুশীলনের আগে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ডুলি বলেন, ভুটান ও শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের সেরাটা দিতে চায় বাংলাদেশ। প্রতিটি ম্যাচেই জয়ের লক্ষ্য দলের।
হামজা চৌধুরীকে ছাড়া ভুটানের বিপক্ষে জয়ের সম্ভাবনা নিয়ে প্রশ্নের জবাবে খেলোয়াড়দের ওপর আস্থার কথা তুলে ধরেন ডুলি। তিনি বলেন, খেলোয়াড়েরা রোবট নন, তাদেরও মানসিক চাপ থাকে। ম্যাচে ভুল হতেই পারে। তাই প্রতিটি ভুলের জন্য কোচকে দায়ী না করে খেলোয়াড়দের পাশে থাকা জরুরি।
দলের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট ডুলি। তবে হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে বিশ্বনাথ ঘোষকে নিয়ে সতর্ক কোচিং স্টাফ। বিকল্প হিসেবে তাজউদ্দীন ও আবদুল্লাহ শিবলিকে অনুশীলনে যুক্ত করা হয়েছে। ভালো করলে তাঁদের মূল দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে।
কোচিং স্টাফের সমন্বয় নিয়েও আশাবাদী ডুলি। পদত্যাগের পর ফিরে আসা হাসান-আল-মামুনকে স্বাগত জানিয়ে তিনি বলেন, সাফল্যের জন্য খেলোয়াড়, কোচিং স্টাফ, গণমাধ্যম ও সমর্থকদের একসঙ্গে কাজ করতে হবে। শক্তিশালী প্রতিপক্ষের কাছে হারলেও সেখান থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়ার মানসিকতা রাখতে হবে।
ডুলির বিশ্বাস, দলীয় ঐক্য, খেলোয়াড়দের প্রতি আস্থা এবং বাইরে থেকে ইতিবাচক সমর্থনই বাংলাদেশকে কাঙ্ক্ষিত সাফল্যের পথে এগিয়ে নিতে পারে।
Rent for add