নিজস্ব প্রতিবেদক : ১৮ অক্টোবর ২০২৬, রবিবার, ১৮:২০:৪৯

ফিফা ফরোয়ার্ড প্রোগ্রামের অর্থায়ন, অবকাঠামো উন্নয়ন ও তৃণমূল ফুটবলের অগ্রগতি নিয়ে আলোচনা
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল ও চার সহসভাপতি।
রোববার (১৮ অক্টোবর) মরক্কো থেকে ভুটানের রাজধানী থিম্পু যাওয়ার পথে সংক্ষিপ্ত যাত্রাবিরতির জন্য ঢাকায় আসেন ইনফান্তিনো। এ সময় বিমানবন্দরে তার সঙ্গে সাক্ষাৎ করেন বাফুফের শীর্ষ কর্মকর্তারা। ঘণ্টাব্যাপী আলোচনায় বাংলাদেশের ফুটবলের উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন তারা।
সাক্ষাৎ শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বাফুফে সভাপতি জানান, বৈঠকে বাংলাদেশের ফুটবলের অবকাঠামোগত উন্নয়ন, ফিফা ফরোয়ার্ড প্রোগ্রামের অর্থায়ন এবং তৃণমূল পর্যায়ে ফুটবলের অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে।
বৈঠকে বিশেষ গুরুত্ব পায় ফিফা ফরোয়ার্ড প্রোগ্রামের আওতায় বরাদ্দ অর্থের যথাযথ ব্যবহার এবং বাংলাদেশের ফুটবলের উন্নয়নে এসব তহবিল কার্যকরভাবে কাজে লাগানোর বিষয়টি।
বাফুফে সভাপতি জানান, দেশের ফুটবল ও ক্রীড়াঙ্গনের উন্নয়নে সরকারের নেওয়া দুটি উদ্যোগের বিষয়েও ইনফান্তিনোকে অবহিত করা হয়। এর মধ্যে রয়েছে স্টেডিয়ামগুলোতে সৌরবিদ্যুৎ ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার এবং আগামী বছর থেকে চতুর্থ শ্রেণি থেকেই শিক্ষাপ্রতিষ্ঠানে ফুটবলসহ অন্যান্য খেলাধুলা বাধ্যতামূলক করার পরিকল্পনা।
এ ছাড়া যুক্তরাজ্য, ইতালি, মালয়েশিয়া ও সৌদি আরবে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ফুটবলের সঙ্গে আরও সম্পৃক্ত করতে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন বাড়ানোর বিষয়েও আলোচনা হয় বলে জানানো হয়েছে।
বাংলাদেশের ফুটবলের অবকাঠামোগত উন্নয়ন, তৃণমূল পর্যায়ে খেলোয়াড় তৈরি এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়াতে ফিফার সহযোগিতা গুরুত্বপূর্ণ বলে মনে করছে বাফুফে।
দুপুরে ঢাকায় যাত্রাবিরতি শেষে ভুটানের উদ্দেশে রওনা হন ইনফান্তিনো। সেখানে তার দুই দিন অবস্থানের কথা রয়েছে। ভুটান সফর শেষে টোকিওতে অনুষ্ঠেয় এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) কংগ্রেসে যোগ দেওয়ার পথে ঢাকায় আবারও সংক্ষিপ্ত যাত্রাবিরতি নেওয়ার কথা রয়েছে ফিফা সভাপতির।
Rent for add