স্পোর্টস ডেস্ক : ২০ অক্টোবর ২০২৬, মঙ্গলবার, ১৮:১৩:০২

পর্তুগাল জাতীয় দলের ক্যাম্প ছেড়ে চলে যাওয়ায় ক্রিশ্চিয়ানো রোনালদোকে ৩০ দিনের নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন (এফপিএফ)। পাশাপাশি তাঁকে ২৫৫ ইউরো জরিমানাও করা হয়েছে। সোমবার এ শাস্তির ঘোষণা দেয় ফেডারেশন।
গত ৩০ সেপ্টেম্বর উয়েফা নেশন্স লিগ চলাকালে কোচ জর্জ জেসুসের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলে জাতীয় দলের ক্যাম্প ছাড়েন ৪১ বছর বয়সী রোনালদো। তাঁর দাবি, নরওয়ের বিপক্ষে মাঠে নামানোর কথা বলেও তাঁকে খেলানো হয়নি। পরে ডেনমার্কের বিপক্ষে ম্যাচের একাদশে জায়গা না পাওয়ার বিষয়টি জানতে পেরে তিনি ক্যাম্প ছাড়ার সিদ্ধান্ত নেন।
অক্টোবরের শুরুতে সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে রোনালদো জানিয়েছিলেন, যেকোনো শাস্তি মেনে নিতে প্রস্তুত তিনি। এফপিএফের শৃঙ্খলা কমিটিও তাঁর অনুশোচনা প্রকাশের বিষয়টি বিবেচনায় নিয়েছে। ফেডারেশনের নিয়ম অনুযায়ী, এমন ঘটনায় এক থেকে ছয় মাসের নিষেধাজ্ঞার বিধান থাকলেও তাঁকে সর্বনিম্ন শাস্তি দেওয়া হয়েছে।
ডেনমার্কের বিপক্ষে ম্যাচের দিন থেকে নিষেধাজ্ঞা কার্যকর হওয়ায় ইতিমধ্যে ১৯ দিনের শাস্তি ভোগ করেছেন রোনালদো। অক্টোবরের শেষ নাগাদ নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হবে। ফলে আগামী ১৪ নভেম্বর ডেনমার্ক ও ১৭ নভেম্বর ওয়েলসের বিপক্ষে ম্যাচে তাঁর খেলার সুযোগ রয়েছে।
রোনালদোর অনুপস্থিতিতেও নেশন্স লিগে দারুণ সাফল্য পেয়েছে পর্তুগাল। চার ম্যাচের সবকটিতে জিতে দুই ম্যাচ হাতে রেখেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে দলটি।
জাতীয় দল থেকে অবসরের সম্ভাবনা নাকচ করে রোনালদো জানিয়েছেন, দেশের হয়ে প্রতিদ্বন্দ্বিতা ও জয়ের জন্য তিনি ভবিষ্যতেও প্রস্তুত থাকবেন। শাস্তি ঘোষণার পর সরাসরি প্রতিক্রিয়া না জানালেও আল নাসরের হয়ে অনুশীলনের প্রস্তুতির ছবি পোস্ট করে তিনি লিখেছেন, “কঠোর পরিশ্রম করে যাচ্ছি।”
Rent for add