ওয়েলসের সঙ্গে গোলশূন্য ড্রয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যাল ২০২৬-এর উদ্বোধনী ম্যাচে ওয়েলসের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল দল। শনিবার আজারবাইজানের বাকুর হোভসান কমপ্লেক্সে অনুষ্ঠিত ম্যাচে দুই দলই গোলের একাধিক সুযোগ পেলেও শেষ পর্যন্ত জালের দেখা পায়নি কেউই। ফলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুই দল।

ম্যাচে বাংলাদেশের খেলোয়াড়েরা বেশ কয়েকটি গোলের সুযোগ তৈরি করলেও তা কাজে লাগাতে পারেননি। ওয়েলসের বিপক্ষে ড্র দিয়ে টুর্নামেন্ট শুরু করলেও নিজেদের পারফরম্যান্স নিয়ে পুরোপুরি সন্তুষ্ট নন বাংলাদেশের প্রধান কোচ আকবর হোসেন রিদন।

বাংলাদেশ রয়েছে ‘জি’ গ্রুপে। এই গ্রুপে বাংলাদেশের অন্য প্রতিপক্ষ ফিজি, বুরুন্ডি, ইন্দোনেশিয়া, পর্তুগাল ও ওয়েলস।

আগামীকাল রোববার দ্বিতীয় ম্যাচে পর্তুগাল ও ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর সোমবার, ২৬ অক্টোবর, গ্রুপ পর্বে বুরুন্ডি ও ফিজির বিপক্ষে বাকি দুটি ম্যাচ খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা।

এবারই প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৫ বয়সভিত্তিক এই বিশ্বকাপ ও ফুটবল উৎসবের আয়োজন করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এবারের আয়োজনে অংশ নিচ্ছে ১৯১টি দেশ। তরুণদের মধ্যে ফুটবলের জনপ্রিয়তা বাড়ানো এবং বিশ্বের বিভিন্ন দেশের খেলোয়াড়দের বিশ্বকাপের উৎসবের সঙ্গে সম্পৃক্ত করাই এই আয়োজনের অন্যতম লক্ষ্য।

উৎসবমুখর এই টুর্নামেন্টে খেলাকে আরও গতিশীল ও অংশগ্রহণমূলক করতে ম্যাচের সময় কমিয়ে ৪০ মিনিট করা হয়েছে। পাশাপাশি মাঠে প্রতি দলে খেলোয়াড়ের সংখ্যা আটজনে সীমিত রাখা হয়েছে।

ওয়েলসের বিপক্ষে ড্র বাংলাদেশের ফুটবলের জন্য ইতিবাচক ফল হলেও দলের পারফরম্যান্সে সন্তুষ্ট নন কোচ আকবর হোসেন রিদন। আজারবাইজান থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পাঠানো এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘পারফরম্যান্সে আমি তেমন খুশি নই। আমাদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারিনি। তারা শারীরিক ও টেকনিক্যালি অনেক শক্তিশালী। বিশেষ করে আমরা বিল্ড আপে অনেক ভুল করেছি। ম্যাচের সবচেয়ে সহজ সুযোগ আমরাই মিস করেছি।’

প্রথম ম্যাচে পয়েন্ট পাওয়ার পর এখন বাংলাদেশের লক্ষ্য পরবর্তী ম্যাচগুলোতে নিজেদের ভুল শুধরে আরও ভালো পারফরম্যান্স উপহার দেওয়া।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent