শেষ মুহূর্তের গোলে জয় পেল বাংলাদেশের মেয়েরা

এএফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপের বাছাইপর্বে দুর্দান্ত জয় দিয়ে অভিযান শুরু করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার উজবেকিস্তানে ‘এইচ’ গ্রুপের ম্যাচে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। ইনজুরি সময়ের চতুর্থ মিনিটে বদলি খেলোয়াড় রুনা আক্তারের গোলে পাওয়া এই জয়ে চূড়ান্ত পর্বে ওঠার সম্ভাবনা জিইয়ে রেখেছে বাংলাদেশ।

ম্যাচের শুরুতেই এগিয়ে যায় বাংলাদেশ। তৃতীয় মিনিটে আলমিনার গোলে লিড নেয় লাল-সবুজের প্রতিনিধিরা। তবে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ১০ মিনিটের মধ্যে গোল করে সমতায় ফেরে স্বাগতিক উজবেকিস্তান। এরপর দুই দলই গোলের চেষ্টা করলেও প্রথমার্ধ শেষ হয় ১-১ সমতায়।

দ্বিতীয়ার্ধেও চলে দুই দলের লড়াই। নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার পর যখন ড্রয়ের শঙ্কা বাড়ছিল, তখনই বাংলাদেশের ত্রাতা হয়ে আবির্ভূত হন রুনা আক্তার। ৯৪ মিনিটে তাঁর করা গোলে উল্লাসে মেতে ওঠে বাংলাদেশের মেয়েরা। শেষ মুহূর্তের এই গোলেই পূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত হয় বাংলাদেশের।

এই জয়ে চূড়ান্ত পর্বে ওঠার লড়াইয়ে টিকে রইল বাংলাদেশ। অন্যদিকে টানা দুই হারে বাছাইপর্ব থেকেই বিদায় নিশ্চিত হয়েছে উজবেকিস্তানের। নিজেদের প্রথম ম্যাচে ফিলিপাইনের কাছে ৪-০ গোলে হেরেছিল স্বাগতিকেরা।

বাংলাদেশের পরবর্তী ম্যাচ ১১ অক্টোবর ফিলিপাইনের বিপক্ষে। চূড়ান্ত পর্বে জায়গা করে নেওয়ার আশা বাঁচিয়ে রাখতে ওই ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে।

আগামী বছরের মার্চে চীনে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপের চূড়ান্ত পর্ব। ১২ দলের এই প্রতিযোগিতায় সরাসরি খেলবে স্বাগতিক চীন, বর্তমান চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া, রানার্সআপ জাপান ও চতুর্থ স্থান অর্জনকারী অস্ট্রেলিয়া। বাকি আটটি জায়গা পূরণ হবে বাছাইপর্বের আট গ্রুপের চ্যাম্পিয়নদের মাধ্যমে।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent