এমন হারে প্রথমবার লজ্জিত মদ্রিচ

উয়েফা নেশন্স লিগে ইংল্যান্ডের কাছে ৭-০ গোলের লজ্জাজনক হারে ভেঙে পড়েছে ক্রোয়েশিয়া। ম্যাচে ইংল্যান্ডের সামনে পুরোপুরিই অসহায় ছিল ক্রোয়াটরা। এমন হারের ধাক্কা সামলাতে পারছেন না দলের খেলোয়াড় ও সমর্থকেরা। সবচেয়ে বেশি হতাশ অধিনায়ক লুকা মদ্রিচ। জাতীয় দলের জার্সিতে দুই দশকের ক্যারিয়ারে এমন অভিজ্ঞতা তার আগে কখনো হয়নি।

ম্যাচ শেষে ক্রোয়েশিয়ার সংবাদমাধ্যম ‘ইনডেক্স’-কে মদ্রিচ বলেন, ‘আমি ২০ বছর ধরে এখানে আছি। বলতে বাধ্য হচ্ছি, কোনো ম্যাচের পর এই প্রথম আমি লজ্জিত বোধ করছি।’

হার-জিত ফুটবলেরই অংশ। কিন্তু ৭-০ ব্যবধানের এই পরাজয় মদ্রিচের কাছে শুধু একটি হার নয়, দলের সুনামের ওপরও বড় আঘাত। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে ক্রোয়েশিয়া যে ধরনের ফুটবল খেলেছে, সেটিই বেশি পোড়াচ্ছে ৪০ বছর বয়সী এই তারকাকে।

মদ্রিচ বলেন, ‘আপনি হারতেই পারেন। তারা আমাদের চেয়ে ভালো দল। কিন্তু এভাবে হেরে নিজেদের সুনাম এভাবে ক্ষতিগ্রস্ত করা—এটা মেনে নেওয়া যায় না। ২০ বছরের মধ্যে এই প্রথম আমি সত্যিই লজ্জিত বোধ করছি।’

থমাস টুখেলের ইংল্যান্ড অবশ্য ক্রোয়েশিয়াকে কোনো সুযোগই দেয়নি। ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে একের পর এক গোল করেছে ইংলিশরা। বিপরীতে ক্রোয়েশিয়া পুরো ম্যাচে নিজেদের স্বাভাবিক ছন্দ খুঁজে পায়নি।

এর সঙ্গে যোগ হয়েছে অদ্ভুত এক পরিবেশ। ক্রোয়েশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞার কারণে ম্যাচটি গ্যালারিতে শুধু ১৪ বছরের কম বয়সী দর্শকদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়। সেই ম্যাচেই নিজেদের ইতিহাসের অন্যতম বড় পরাজয়ের সাক্ষী হতে হয়েছে মদ্রিচদের।

তবে এমন বিপর্যয়ের পরও সতীর্থদের কাঠগড়ায় দাঁড় করাতে চান না অধিনায়ক মদ্রিচ। বরং কঠিন সময়েও দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

‘আমাদের একে অপরকে দোষারোপ করা উচিত নয়। বরং এই কঠিন সময়েও আমাদের একসঙ্গে থাকতে হবে, যেমনটা আমরা সবসময় থেকেছি। এর আগেও আমরা বড় ব্যবধানে হেরেছি। কিন্তু এমন ম্যাচের পর অনুভূতিটা সম্পূর্ণ ভিন্ন। আগে কখনো এভাবে অনুভব করিনি। আমি ক্ষমা চাইছি।’

৭-০ গোলের এমন বিধ্বংসী হারের পর ক্রোয়েশিয়ার সামনে ঘুরে দাঁড়ানোর কঠিন চ্যালেঞ্জ। আন্তর্জাতিক বিরতির শেষ ম্যাচে মঙ্গলবার তাদের প্রতিপক্ষ স্পেন। এমন একটি পরাজয়ের পর স্পেনের মতো শক্তিশালী দলের বিপক্ষে মাঠে নামাটা যে সহজ হবে না, তা বলার অপেক্ষা রাখে না।

তবে বড় ধাক্কা সামলে ঘুরে দাঁড়ানোর ইতিহাস ক্রোয়েশিয়ার আছে। মদ্রিচদের দলও বারবার নিজেদের লড়াইয়ের মানসিকতা ও চরিত্রের প্রমাণ দিয়েছে। এবার ৭-০ বিপর্যয়ের ক্ষত ভুলে স্পেনের বিপক্ষে তারা কীভাবে নিজেদের ফিরে পায়, সেটিই এখন দেখার বিষয়।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent