গাজার শিশুদের জন্য ১ কোটি ৬৫ লাখ টাকা সংগ্রহ হামজার

যুদ্ধবিধ্বস্ত গাজার অসহায় শিশুদের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তারকা হামজা চৌধুরী। মানবিক এই উদ্যোগে তিনি সংগ্রহ করেছেন ১ লাখ পাউন্ডের বেশি, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১ কোটি ৬৫ লাখ টাকা। সংগৃহীত পুরো অর্থ ব্যয় করা হবে গাজার যেসব শিশুর জরুরি চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তর প্রয়োজন, তাদের সহায়তায়।

বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তহবিল সংগ্রহের বিষয়টি নিশ্চিত করেছেন হামজা। তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আমরা গাজার শিশুদের জন্য ১ লাখ পাউন্ডের বেশি তহবিল সংগ্রহ করতে পেরেছি।’ লন্ডনে আয়োজিত এই উদ্যোগ সফল করতে সহযোগিতার জন্য যুক্তরাজ্যভিত্তিক ক্রীড়া সংগঠন নুজুম স্পোর্টসের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন বাংলাদেশের এই ফুটবলার।

হামজা জানান, সংগৃহীত অর্থ ব্যয় করা হবে ‘চিলড্রেন নট নাম্বার্স’ নামের একটি সংস্থার মাধ্যমে। গাজার শিশুদের জরুরি সহায়তা ও চিকিৎসার জন্য কাজ করছে সংগঠনটি। বিশেষ করে যেসব শিশুর জীবন বাঁচাতে উন্নত চিকিৎসার জন্য গাজার বাইরে স্থানান্তর করা প্রয়োজন, তাদের সেই ব্যবস্থা করতেই অর্থের পুরোটা ব্যয় করা হবে।

নিজের পোস্টে হামজা বলেন, ‘এই শিশুদের অনেকেরই বেঁচে থাকার একমাত্র আশা হলো চিকিৎসার জন্য অন্যত্র সরিয়ে নেওয়া। যেসব শিশুর জরুরিভিত্তিতে চিকিৎসার জন্য স্থানান্তর প্রয়োজন, তাদের সেই ব্যবস্থা করতেই সংগৃহীত অর্থের পুরোটা ব্যয় করা হবে।’

এই তহবিল সংগ্রহের উদ্যোগে অংশ নেওয়া, অনুদান দেওয়া এবং নানাভাবে সহযোগিতা করা প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন হামজা। বিশেষ ধন্যবাদ জানিয়েছেন নুজুম স্পোর্টসকে। তাঁর ভাষায়, ‘এই আয়োজনের মাধ্যমে আমার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে তারা যে অসংখ্য ঘণ্টা সময় দিয়েছে এবং নিরলস পরিশ্রম করেছে, তার জন্য আমি কৃতজ্ঞ।’

তবে এত মানুষের দুর্ভোগের তুলনায় এই উদ্যোগের অবদানকে সামান্য বলেই মনে করেন হামজা। তিনি বলেন, ‘খুব অল্প সময়ের মধ্যে এই আয়োজনের মাধ্যমে আমরা যা অর্জন করতে পেরেছি, তাতে আমি বিনীত ও কৃতজ্ঞ। তবে এত মানুষের অসীম দুর্ভোগের তুলনায় আমাদের এই অবদান খুবই সামান্য। এখনো অনেক কিছু করার বাকি। তবে প্রতিটি প্রচেষ্টা, তা যত ছোটই হোক না কেন, পরিবর্তন আনতে পারে।’

ইংল্যান্ডে জন্ম নেওয়া হামজা চৌধুরী ইংলিশ ফুটবলের বয়সভিত্তিক দলেও খেলেছেন। ২০২৪ সালের শেষ দিকে বাংলাদেশের পাসপোর্ট পাওয়ার পর লাল-সবুজের জার্সিতে আন্তর্জাতিক ফুটবলে প্রতিনিধিত্ব করার সিদ্ধান্ত নেন তিনি। বর্তমানে ইংলিশ ফুটবলের ক্লাব শেফিল্ড ইউনাইটেডের হয়ে খেলছেন এই মিডফিল্ডার। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি বিভিন্ন মানবিক ও দাতব্য কর্মকাণ্ডেও যুক্ত রয়েছেন তিনি।

পোস্টের শেষাংশে ফিলিস্তিনের মানুষের জন্য প্রার্থনা করেছেন হামজা। আল্লাহ যেন তাঁদের এই প্রচেষ্টা কবুল করেন, ফিলিস্তিনের মানুষের কষ্ট লাঘব করেন, তাঁদের শক্তি ও ধৈর্য দান করেন এবং সেখানে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করেন—এই প্রত্যাশা ব্যক্ত করেছেন বাংলাদেশের এই ফুটবল তারকা।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent