নিজস্ব প্রতিবেদক : ৩০ অক্টোবর ২০২৬, শুক্রবার, ৩:৪১:৫০

আজারবাইজানের বাকুতে ফিফা অ-১৫ বিশ্বকাপ অ্যান্ড ফেস্টিভ্যালে দারুণ সাফল্য পেয়েছে বাংলাদেশ। ‘ই’ টায়ারের ফাইনালে উঠেছে লাল-সবুজের কিশোর ফুটবলাররা। আজ সেমিফাইনালে গ্যাবনকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। ম্যাচের ১৪ মিনিটে দলের জয়সূচক গোলটি করেন রাতুল।
আটজনের ফুটবল (এইট-এ-সাইড) ফরম্যাটের এই প্রতিযোগিতায় ম্যাচের দৈর্ঘ্য ৪০ মিনিট। দুই অর্ধে ২০ মিনিট করে খেলা হয়। গ্যাবনের বিপক্ষে শুরু থেকেই লড়াকু ফুটবল খেলেছে বাংলাদেশ। দুই দলের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে রাতুলের একমাত্র গোলটিই শেষ পর্যন্ত গড়ে দেয় ব্যবধান।
এর আগে আজ দুপুরে মন্টেনেগ্রোকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছিল বাংলাদেশ। সেই জয়ের আত্মবিশ্বাস কাজে লাগিয়ে সেমিফাইনালেও জয় তুলে নিয়েছে দলটি। এবার ‘ই’ টায়ারের শিরোপা জয়ের অপেক্ষা।
আজারবাইজানে আয়োজিত এই ফুটবল উৎসবে অংশ নিচ্ছে ১৮৯টি দেশের কিশোর ফুটবল দল। দলগুলোকে ভাগ করা হয়েছে ৩২টি গ্রুপে। বাংলাদেশ খেলেছে ‘সি’ গ্রুপে। সেখানে পঞ্চম স্থান অর্জন করে পরবর্তী নকআউট পর্বে জায়গা করে নেয় তারা। পঞ্চম স্থান অর্জনকারী ৩২টি দলকে নিয়ে শুরু হয়েছে পরবর্তী লড়াই।
সেই পর্বে ‘ই’ টায়ারে খেলছে বাংলাদেশ। টানা চার ম্যাচ জিতে সেমিফাইনালে উঠেছে দলটি। প্রতিযোগিতার শেষ পর্যায়ে ছয়টি টায়ারের ছয় চ্যাম্পিয়ন নির্ধারণ করবে ফিফা। এখন বাংলাদেশের লক্ষ্য, ফাইনালে জিতে ‘ই’ টায়ারের চ্যাম্পিয়ন হওয়া।
Rent for add