হ্যাটট্রিক শিরোপা জয়ের মিশনে আফঈদারা

নারী সাফ চ্যাম্পিয়নশিপের হ্যাটট্রিক শিরোপা জয়ের মিশনের প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ দল বৃহস্পতিবার থাইল্যান্ড যাচ্ছে। সেখানে ২০ মে পর্যন্ত অনুশীলন করে পরের দিন ভারতের গোয়ায় যাবে, যেখানে নারী সাফ চ্যাম্পিয়নশিপের অষ্টম আসর শুরু হবে ২৫ মে।

বাংলাদেশ সর্বশেষ দুইবার স্বাগতিক নেপালকে ফাইনালে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। এবার বাংলাদেশের সামনে টানা তিনবার চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ। সাফ চ্যাম্পিয়নশিপ সামনে রেখে বাংলাদেশ নারী ফুটবল দল চট্টগ্রামে কোরিয়ান ইপিজেডে ট্রেনিং ক্যাম্প করেছে। সেখান থেকে ঢাকায় ফিরে দুই সেশন অনুশীলন করেছে।

হ্যাটট্রিক চ্যাম্পিয়ন মিশনে যাওয়ার আগে বুধবার বাফুফে ভবনে কোচ পিটার বাটলার ও অধিনায়ক আফঈদা খন্দকার তাদের প্রস্তুতি ও সম্ভাবনার কথা বলেছেন।

সংবাদ সম্মেলনে সাফ চ্যাম্পিয়নশিপের পাশাপাশি গত মার্চে অস্ট্রেলিয়ায় খেলে আসা এশিয়ান কাপের পারফরম্যান্স নিয়েও কথা উঠেছে। এ সময় বাংলাদেশ অধিনায়ক আফঈদা খন্দকার সমর্থকদের প্রত্যাশা প্রসঙ্গে বলেছেন, ‘আমাদের দেশের মানুষ একটু বেশি আশা করে, এটা ঠিক না।’

অধিনায়কের আরো অভিযোগ, ভালো খেললে ভালো বলার সঙ্গে খারাপ খেললে বেশি খারাপ বলা হয় এই দেশে। আফঈদা বলেন, ‘একজন খেলোয়াড়ের সব সময় ভালো যাবে, এমন নয়। কিন্তু আমাদের দেশে কেউ একটু ভালো খেললে ভালো বলা হয়, আবার কেউ একটু খারাপ খেললে তাকে আরেকটু বেশি খারাপ বলা হয়। আমাদের দেশে এই স্বভাবটা সবার আছে। আমি চেষ্টা করব মানুষের এই চিন্তাভাবনাটা যেন বদলানো যায়। যাতে মেয়েদের উৎসাহ দেওয়া যায়।’

এখনো বাংলাদেশের মেয়েরা শিখছেন উল্লেখ করে আফঈদা খন্দকার প্রান্তি বলেন, ‘আমাদের দলে অনেক নতুন খেলোয়াড় আছেন। ছোট ছোট ভুল থেকে তারা শিখবেন। অস্ট্রেলিয়ায় প্রথমবার এশিয়ান কাপে খেলতে গিয়ে খুব ভালো করার আশা করাটা অবাস্তব। আমাদের দেশের মানুষ একটু বেশি আশা করে, এটা ঠিক না। আমাদের দলে নতুন খেলোয়াড় যেমন আছেন, তেমন অভিজ্ঞরাও আছেন। তবে নতুন বলে এখন আর কিছু নেই। অনেক দিন ধরে আমরা একসঙ্গে অনুশীলন করি, সে হিসেবে সবার কম্বিনেশন ভালো। আমি আশা করব, সবাই মিলেমিশে ভালো করব।’

২৫ মে ভারতের গোয়ায় শুরু হতে যাওয়া নারী সাফ চ্যাম্পিয়নশিপে এবারও বাংলাদেশের গ্রুপে পড়েছে ভারত। অন্য দলটি মালদ্বীপ। গ্রুপ পর্বে বাংলাদেশের প্রথম ম্যাচ ২৮ মে মালদ্বীপের বিপক্ষে এবং ৩১ মে প্রতিপক্ষ ভারত।

ভারতের মাটিতে এবার বাংলাদেশের জন্য সাফ কঠিন হবে কিনা জানতে চাইলে আফঈদা বলেছেন, ‘টুর্নামেন্টে প্রথম পাঁচবারই চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। সাফে বাংলাদেশ, ভারত ও নেপালই শক্তিশালী। আমরা আত্মবিশ্বাসী। নেপালের মাটিতে নেপালকে হারিয়ে দুইবার সাফ জিতেছি। তাই যেখানেই সাফ হোক, আমরা ভারতকে হারিয়ে হ্যাটট্রিক শিরোপা জিততে পারবো বলে আশা করছি। আমরা মাঠে নামব জেতার জন্যই। থাইল্যান্ডে ১৫ দিন ক্যাম্প ও দুটি প্রস্তুতি ম্যাচ খেলব। সুযোগটা কাজে লাগিয়েই সাফে আগের দুইবারের মতো এবারও চ্যাম্পিয়ন হয়ে হ্যাটট্রিক করতে চাই।’

 

Rent for add

সর্বশেষ নিউজ

for rent