দুলাল মাহমুদ : ১২ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ৮:১৬:০৫

শৈল্পিক এমন গোলের জন্য রীতিমতো অপেক্ষায় থাকতে হয়। ফুটবলের ইতিহাসে এ ধরনের গোলের দেখা সহসা মেলে না। কারণ, ফুটবলের সুন্দরতম গোলের একটি ব্যাকহিল গোল (পায়ের গোড়ালি দিয়ে করা গোল)। দৃষ্টিনন্দন এমন একটি গোল হতে হতেও অল্পের জন্য হলো না। যেন ক্যানভাসে আঁকা চমৎকার একটি দৃশ্যপট অসম্পূর্ণ রয়ে যায়। ইংলিশ প্রিমিয়ার লিগ মাতানো বাংলাদেশি বংশোদ্ভূত তারকা হামজা চৌধুরী যখনই বাংলাদেশের জাতীয় দলের জার্সিতে ঢাকার মাঠে খেলতে নামেন, তাঁর প্রতিটি মুভমেন্ট দর্শকদের জন্য বড় এক আকর্ষণ। এজন্য তাঁর খেলা দেখার জন্য ঢাকা স্টেডিয়ামে দর্শকদের ঢল নামে। তিনি মূলত একজন রক্ষণাত্মক মিডফিল্ডার কিংবা রাইট-ব্যাক পজিশনে খেলেন।
হামজার খেলার সবচেয়ে বড় শক্তি হলো তাঁর ট্যাকলিং ক্ষমতা। মাঝমাঠে প্রতিপক্ষের আক্রমণভাগের খেলোয়াড়দের কাছ থেকে নিখুঁত স্লাইডিং বা গ্রাউন্ড ট্যাকলের মাধ্যমে বল কেড়ে নিতে তিনি অত্যন্ত পারদর্শী। তাঁর আগ্রাসী মনোভাব প্রতিপক্ষের ওপর শুরু থেকেই মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করে। তিনি মাঠের এক বিশাল অঞ্চলজুড়ে রাজত্ব করেন। ম্যাচজুড়ে তাঁর স্ট্যামিনা বা শারীরিক সক্ষমতা দেখার মতো। প্রতিপক্ষ বলের দখল নিলে দ্রুত কাউন্টার-প্রেসিং করা, পাসিং লেন বন্ধ করে দেওয়া এবং বল পুনরুদ্ধার করে নিজের দলের নিয়ন্ত্রণে আনা তাঁর অন্যতম প্রধান কাজ। ডিফেন্সিভ মিডফিল্ডার হলেও বল পায়ে তিনি বেশ শান্ত ও পরিপক্ব। সাধারণত তাঁর পাস অত্যন্ত নির্ভুল হয়। চাপের মুখেও বল নিজের নিয়ন্ত্রণে রাখা এবং রক্ষণভাগ থেকে আক্রমণভাগে সতীর্থদের উদ্দেশ্যে নিখুঁত শর্ট ও লং পাস বাড়াতে তিনি দক্ষ।
ইতোমধ্যে তিনি দুর্দান্ত ক্রীড়াশৈলী দিয়ে বাংলাদেশের দর্শকদের হৃদয়মন জয় করে নিয়েছেন। ঢাকায় সাফ চ্যাম্পিয়নশিপে প্রথম ম্যাচে ভুটানের সঙ্গে খেলতে না পারলেও শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবার আক্রমণভাগে খেলতে নামেন। একইসঙ্গে অধিনায়কের দায়িত্ব পালন করেন। অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলতে নেমে তিনি আলাদাভাবে দর্শকদের নজর কেড়ে নেন। খেলার প্রথমার্ধের ২৫ মিনিটে ডি-বক্সের ভেতর দারুণ পজিশনে বল পেয়ে শরীরী মোচড়ে একটি দর্শনীয় ব্যাকহিল শটের চেষ্টা করেছিলেন হামজা। যদিও বলটি গোলপোস্টের সামান্য বাইরে দিয়ে চলে যায়। গোলটি হলে চমকপ্রদ একটি গোল দেখার সুযোগ হতো। তা না হলেও গ্যালারিতে উপস্থিত দর্শকরা তাঁর সেই উপস্থিত বুদ্ধি ও আন্তর্জাতিক মানের ব্যাকহিল স্কিল দেখে করতালিতে মেতে উঠেছিলেন।
তবে প্রথমার্ধের ৪৪ মিনিটে দলের পক্ষে দ্বিতীয় গোলটি করে তিনি তাঁর ক্যারিশমা দেখিয়েছেন। ব্যাকহিল থেকে গোলের দেখা থেকে দর্শকরা বঞ্চিত হলেও দ্বিতীয়ার্ধের ৮ম মিনিটে বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ পেশাদার ফুটবলার লেফট উইঙ্গার ফারহান আলী ওয়াহিদ চারজনকে কাটিয়ে যে গোলটি করেন, তা দর্শকদের স্মৃতিতে দীর্ঘদিন রয়ে যাবে। ৪-০ গোলে জয়ের এই ম্যাচে প্রবাসী বাংলাদেশিদের দাপটের দিনে দলের প্রথম গোলটি করেন আরেক প্রবাসী বাংলাদেশি-কানাডিয়ান শমিত সোম। তবে শেষ মুহূর্তে স্থানীয়দের সম্মান রক্ষা করেন ফরোয়ার্ড রাকিব হোসেন। তাঁর গোলটিকেও চমৎকার বললে অত্যুক্তি হবে না।
Rent for add