বাংলাদেশের মনোযোগ এখন পাকিস্তানের বিপক্ষে

শ্রীলঙ্কার বিপক্ষে ৪-০ গোলের দাপুটে জয়ের পর বাংলাদেশের পুরো মনোযোগ এখন পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ সেমিফাইনালে। বড় ব্যবধানে জয় এবং গোল হজম না করার সাফল্য দলের আত্মবিশ্বাস বাড়িয়েছে বলে জানিয়েছেন মিডফিল্ডার জামাল ভূঁইয়া।

বৃহস্পতিবার রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনায় দলের অনুশীলন শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামাল। শ্রীলঙ্কার বিপক্ষে দলের পারফরম্যান্সে সন্তুষ্টি প্রকাশ করে তিনি বলেন, এই জয় সেমিফাইনালের আগে খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়াতে সহায়তা করেছে।

শ্রীলঙ্কার বিপক্ষে ফরহান আলী ওয়াহিদের দুর্দান্ত গোলের প্রশংসাও করেছেন জামাল। তাঁর মতে, জাতীয় স্টেডিয়ামে দেখা অন্যতম সেরা গোল এটি। হামজা চৌধুরীর দৃষ্টিনন্দন বাইসাইকেল কিকের পাশাপাশি ফরহানের গোলটিও স্টেডিয়ামটির স্মরণীয় গোলগুলোর একটি হয়ে থাকতে পারে। তবে আন্তর্জাতিক তারকাদের সঙ্গে তুলনা না করে তরুণ এই ফরোয়ার্ডকে নিজের স্বতন্ত্র পরিচয় গড়ে তোলার সুযোগ দেওয়ার পক্ষে জামাল।

দলের স্কোয়াডের গভীরতা এবং খেলোয়াড়দের ঘুরিয়ে-ফিরিয়ে খেলানোর গুরুত্বও তুলে ধরেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। বিশেষ করে মাত্র দুই দিনের ব্যবধানে দুটি ম্যাচ থাকায় খেলোয়াড়দের বিশ্রাম ও সঠিকভাবে ব্যবহারের বিষয়টি গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি।

এদিকে সাদ উদ্দিনের চোট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জামাল। তাঁর ভাষ্য অনুযায়ী, এই ডিফেন্ডারের গোড়ালির টেন্ডনে চোট লেগেছে। চোটের কারণে দীর্ঘ সময়ের জন্য, এমনকি এক বছর পর্যন্তও মাঠের বাইরে থাকতে হতে পারে তাঁকে।

শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের পর আলোচনায় ছিলেন হামজা চৌধুরীও। শেফিল্ড ইউনাইটেডের এই মিডফিল্ডারের প্রশংসা করে জামাল মনে করেন, দলের প্রতি অসাধারণ অবদানের কারণে অধিনায়কের আর্মব্যান্ড পাওয়ার যোগ্যতা রয়েছে তাঁর।

জামাল বলেন, ‘হামজার অধিনায়কত্ব পাওয়ার যোগ্যতা আছে। সে দারুণ ফুটবল খেলেছে। সে দলের অন্যতম বড় তারকা এবং সেরা খেলোয়াড়দের একজন। তার জন্য আমি সত্যিই খুব খুশি।’

Rent for add

সর্বশেষ নিউজ

for rent