নতুন প্রজন্মের ব্রাজিল গড়তে চান আনচেলত্তি

পাঁচ মাস আগে জাপানের বিপক্ষে শেষ মুহূর্তের গোলে জয় পেয়েছিল ব্রাজিল। তবে এবার দুই দলের লড়াইয়ের চেয়ে ভবিষ্যতের দল গঠনেই বেশি মনোযোগ কোচ কার্লো আনচেলত্তির। ২০২৮ সালের কোপা আমেরিকা ও ২০৩০ বিশ্বকাপ সামনে রেখে নতুন প্রজন্মের ব্রাজিল গড়তে চান ইতালিয়ান এই কোচ।

শনিবার সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে শুক্রবার সংবাদ সম্মেলনে আনচেলত্তি জানান, দলে তরুণ খেলোয়াড়দের সুযোগ দিয়ে ভবিষ্যতের জন্য একটি শক্তিশালী দল তৈরির কাজ শুরু করেছেন তিনি। জাপান ও পরবর্তী সময়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের জন্য ঘোষিত ২৬ সদস্যের দলে ২৩ বছরের কম বয়সী খেলোয়াড় রয়েছেন ১৫ জন।

গত জুনে হিউস্টনে অনুষ্ঠিত ম্যাচে যোগ করা সময়ের পঞ্চম মিনিটে গ্যাব্রিয়েল মার্টিনেলির গোলে জাপানকে ২-১ ব্যবধানে হারিয়েছিল ব্রাজিল। তবে এবারের ম্যাচে ফলের পাশাপাশি খেলোয়াড়দের পরখ করে নেওয়াও গুরুত্বপূর্ণ আনচেলত্তির কাছে।

তিনি বলেন, ‘বিশ্বকাপ একটি প্রজন্মের খেলোয়াড়দের চক্রের সমাপ্তি ঘটিয়েছে। আমরা এখন নতুন একটি প্রজন্ম গড়ে তুলছি, যারা ২০২৮ সালের কোপা আমেরিকা ও ২০৩০ বিশ্বকাপসহ পরবর্তী আনুষ্ঠানিক প্রতিযোগিতাগুলোতে মনোযোগী ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ থাকবে।’

তরুণদের সামর্থ্য নিয়ে আত্মবিশ্বাসী ৬৭ বছর বয়সী এই কোচ। তাঁর ভাষায়, ‘আমার মনে হয়, আমাদের অনেক সম্ভাবনা রয়েছে। আমরা তরুণ খেলোয়াড়দের দিকে নজর দিচ্ছি। দলে কয়েকজন নতুন মুখও রয়েছে। তাদের পারফরম্যান্সে আমরা খুবই সন্তুষ্ট। আমাদের দলে অনেক গুণসম্পন্ন ও প্রতিভাবান তরুণ খেলোয়াড় আছে। তাই ভবিষ্যৎ নিয়ে আমরা আত্মবিশ্বাসী।’

কোনো নির্দিষ্ট খেলোয়াড়কে আলাদাভাবে প্রশংসা না করলেও অনুশীলনে তরুণদের মনোভাব ও মনোযোগে সন্তুষ্টির কথা জানিয়েছেন আনচেলত্তি। অভিজ্ঞতার ঘাটতি থাকলেও সেটিকে স্বাভাবিক হিসেবে দেখছেন তিনি।

জাপানের বিপক্ষে ম্যাচে ব্রাজিলের অধিনায়কত্ব করবেন বার্সেলোনার ফর্মে থাকা ফরোয়ার্ড রাফিনিয়া। নতুনদের নিয়ে দলের পুনর্গঠনপ্রক্রিয়ায় ইতিবাচক সম্ভাবনা দেখছেন তিনিও।

রাফিনিয়া বলেন, ‘আমার প্রত্যাশা ভালো। আমরা নতুন খেলোয়াড়দের নিয়ে পুনর্গঠনপ্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছি। তবে এমন খেলোয়াড়দের দেখছি, যাদের অনেক গুণ রয়েছে এবং জাতীয় দলের জার্সির জন্য নিজেদের সর্বোচ্চটা উজাড় করে দেওয়ার প্রবল ইচ্ছা আছে।’

জাপানের সামর্থ্য সম্পর্কে সতর্ক রাফিনিয়া বলেন, ‘এটি বিশ্বকাপ মানের একটি ম্যাচ। জাপানের জাতীয় দলের সামর্থ্য সম্পর্কে আমাদের ধারণা আছে। তাই ম্যাচটি খুব কঠিন হবে।’

হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে গত বিশ্বকাপে মাত্র দুটি ম্যাচ খেলতে পেরেছিলেন রাফিনিয়া।

এদিকে জাপানের কোচ হাজিমে মোরিয়াসুর ভবিষ্যৎ নিয়েও আলোচনা চলছে। আগামী মঙ্গলবার সিঙ্গাপুরে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচের পর দায়িত্বে পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। এরই মধ্যে জাপানের দায়িত্বে কাটানো আট বছরের অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন মোরিয়াসু।

তিনি বলেন, ‘আমরা অনেক কিছু করতে পেরেছি, সাফল্যও পেয়েছি। তবে এমন কিছু বিষয়ও ছিল, যা করতে পারিনি। দলের বিকল্প খেলোয়াড়ের সংখ্যা ও গভীরতা বাড়াতে পেরেছি।’

Rent for add

সর্বশেষ নিউজ

for rent