নিজস্ব প্রতিবেদক : ১২ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ৮:০৮:৩৫

সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপ ‘বি’-এর শেষ ম্যাচে মালদ্বীপকে ১-০ গোলে হারিয়ে গ্রুপসেরা হয়ে সেমিফাইনালে উঠেছে ভারত। আজ বুধবার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ভারতের জয়সূচক গোলটি করেন সুহাইল আহমেদ ভাট।
আগামী ১৪ নভেম্বর প্রথম সেমিফাইনালে গ্রুপ ‘এ’-এর রানার্সআপ দলের মুখোমুখি হবে ভারত।
আক্রমণ-পাল্টা আক্রমণের ম্যাচে ৩৮ মিনিটে পেনাল্টি থেকে এগিয়ে যায় ভারত। পেনাল্টি বক্সের মধ্যে আবদুল রাবিহকে ফাউল করেন মালদ্বীপের ডিফেন্ডার হুসেইন সিফাউ ইউসুফ। রেফারি মানিল মোহাম্মদ আল পেনাল্টির নির্দেশ দেন। স্পট কিক থেকে গোল করতে ভুল করেননি মোহনবাগানের স্ট্রাইকার সুহাইল আহমেদ ভাট। চলতি টুর্নামেন্টে এটি তাঁর তৃতীয় গোল।
প্রথমার্ধে আধিপত্য বিস্তার করে খেলেছে ভারত। একের পর এক আক্রমণে মালদ্বীপের রক্ষণভাগকে চাপে রাখে তারা। মালদ্বীপও কয়েকটি ভালো সুযোগ তৈরি করেছিল, তবে ভারতের গোলপোস্টে বড় কোনো হুমকি সৃষ্টি করতে পারেনি।
বিরতির পর ম্যাচে ফেরার চেষ্টা চালায় মালদ্বীপ। ৭৯ মিনিটে বদলি খেলোয়াড় হামধানের ফ্রি-কিক দারুণ দক্ষতায় রুখে দেন ভারতের গোলরক্ষক প্রিয়াংশ দুবে। পাঁচ মিনিট পর মুজধান হাসানের শটও ঠেকিয়ে দেন তিনি।
যোগ করা সময়ে সমতায় ফেরার সবচেয়ে ভালো সুযোগ পায় মালদ্বীপ। বক্সের মধ্যে বল পেয়ে গোলের সামনে অরক্ষিত অবস্থায় ছিলেন জাকি। তবে দ্রুত এগিয়ে এসে তাঁর শট আটকে দেন দুবে।
এ সময় ভারতীয় গোলরক্ষকের চোট নিয়ে শঙ্কা তৈরি হলেও শেষ পর্যন্ত উঠে দাঁড়ান তিনি। শেষ কয়েক মিনিটের চাপ সামলে জয় নিশ্চিত করে ভারত।
এই জয়ে গ্রুপ ‘বি’-এর শীর্ষে থেকে সেমিফাইনালে উঠল ভারত। অন্যদিকে, টানা দুই ম্যাচে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে মালদ্বীপ।
ভারত একাদশ: প্রিয়াংশ দুবে (গোলরক্ষক), সি সিং কোনশাম (অধিনায়ক), সন্দীপ মান্ডি, মুহাম্মদ উভাইস মইক্কাল, খাইমিনথাং লুংদিম, অভিষেক সূর্যবংশী, রিকি জন শাবং, ম্যাকার্টন লুই নিকসন, ব্রাইসন ডিউবেন, আবদুল রাবিহ ও সুহাইল আহমেদ ভাট।
মালদ্বীপ একাদশ: হুসেইন শরিফ (গোলরক্ষক), সামুহ আলী (অধিনায়ক), হুসেইন সিফাউ ইউসুফ, ইব্রাহিম আইসাম, আহমেদ আইহাম (১), আহমেদ আইহাম (২), আমধান আলী, ইব্রাহিম মাহুধি হুসেইন, হাসান ইনায়াজ, নাইজ হাসান ও নিশাম মোহাম্মদ রশিদ।
Rent for add