নিজস্ব প্রতিবেদক : ১৫ নভেম্বর ২০২৬, রবিবার, ২৩:৫৪:৩২

২০৩০ ফুটবল বিশ্বকাপের ফাইনাল স্পেনেই অনুষ্ঠিত হবে বলে আবারও আশাবাদ ব্যক্ত করেছেন দেশটির ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) প্রধান রাফায়েল লুসান। তবে তাঁর প্রত্যাশা পূরণ না হলেও বিশ্বকাপের আয়োজক হিসেবে স্পেনের দাবি প্রত্যাহারের কথা ভাবছেন না বলে জানিয়েছেন তিনি।
পর্তুগাল ও মরক্কোর সঙ্গে যৌথভাবে ২০৩০ বিশ্বকাপ আয়োজন করবে স্পেন। ফাইনাল কোথায় অনুষ্ঠিত হবে, সে সিদ্ধান্ত নেওয়া হবে ২০২৮ সালে।
ফাইনাল আয়োজনের জন্য স্পেনের পছন্দ রিয়াল মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়াম। পর্তুগালের অবশ্য এ পর্যায়ের ম্যাচ আয়োজনের উপযোগী কোনো স্টেডিয়াম নেই। অন্যদিকে, কাসাব্লাঙ্কার কাছে বেনস্লিমানে নির্মাণাধীন ১ লাখ ১৫ হাজার দর্শক ধারণক্ষমতার হাসান দ্বিতীয় স্টেডিয়ামে ফাইনাল আয়োজনের প্রস্তাব দিয়েছে মরক্কো।
মাদ্রিদের উপকণ্ঠে আরএফইএফের সিউদাদ দেল ফুটবল সম্মেলনে লুসান বলেন, ‘ফাইনাল স্পেনে আয়োজনের বাইরে আমাদের অন্য কোনো পরিকল্পনা নেই।’
তিনি আরও বলেন, ‘স্পেনের আয়োজক হওয়ার দাবি প্রত্যাহারের বিষয়টি আমি এখন বিবেচনাতেই নিচ্ছি না। কারণ, স্পেনে ফাইনাল অনুষ্ঠিত হবে না, এমন কোনো সম্ভাবনা আমাদের আলোচনায় নেই।’
ডানপন্থী পিপলস পার্টির নেতা আলবার্তো নুনিয়েজ ফেইহোর বক্তব্যের জবাবে এসব কথা বলেন লুসান।
গত ৫ নভেম্বর এক টেলিভিশন সাক্ষাৎকারে ফেইহো বলেছিলেন, ২৯ নভেম্বরের সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী হলে মরক্কোকে বিশ্বকাপের ফাইনাল আয়োজনের দায়িত্ব দেওয়া হলে স্পেনের আয়োজক হওয়ার দাবি প্রত্যাহারের পক্ষে অবস্থান নেবেন তিনি।
লুসান অবশ্য বিষয়টিকে সম্পূর্ণ কাল্পনিক বলে উড়িয়ে দিয়েছেন।
তিনি বলেন, ‘এমন কোনো ধারণারই অস্তিত্ব নেই।’ ফিফার বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব মহাদেশগুলোর মধ্যে পর্যায়ক্রমে বণ্টনের ঐতিহ্যের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ফাইনাল আয়োজনের দায়িত্ব ‘ইউরোপীয় মহাদেশেরই প্রাপ্য’।
লুসান জানান, বিশ্বকাপের ম্যাচ আয়োজনের আগ্রহ প্রকাশ করা স্পেনের বিভিন্ন স্টেডিয়াম পরিদর্শনে গত সপ্তাহে ফিফার কারিগরি বিশেষজ্ঞদের একটি প্রতিনিধি দল দেশটিতে এসেছিল।
Rent for add