নিজস্ব প্রতিবেদক : ১৫ নভেম্বর ২০২৬, রবিবার, ৪:১৩:১২

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার স্বপ্নভঙ্গ হয়েছে বাংলাদেশের। শেষ মুহূর্তের গোলে পাকিস্তানকে ১-০ ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো টুর্নামেন্টের ফাইনালে উঠেছে তারা। আজ জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে ৮৬ মিনিটে জয়সূচক গোলটি করেন আবদুল সামাদ শাহজাদ।
আগামী ১৭ নভেম্বর শিরোপা নির্ধারণী ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। দিনের প্রথম সেমিফাইনালে ভুটানকে ২-১ গোলে হারিয়ে দশমবারের মতো ফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত।
অন্যদিকে, এই হারে সাফের ফাইনালে ফেরার বাংলাদেশের অপেক্ষা আরও দীর্ঘ হলো। সর্বশেষ ২০০৫ সালে শিরোপা নির্ধারণী ম্যাচে খেলেছিল লাল-সবুজের প্রতিনিধিরা।
প্রথমার্ধে বলের দখল ও আক্রমণে এগিয়ে ছিল বাংলাদেশ। একাধিক গোলের সুযোগ তৈরি করলেও ফিনিশিংয়ের দুর্বলতায় সেগুলো কাজে লাগাতে পারেনি স্বাগতিকরা।
সপ্তম মিনিটেই গোলের সুযোগ তৈরি করে বাংলাদেশ। রাকিব হোসেনের পাস পেয়ে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের শট নেন শাহ কাজেম কিরমানী। তবে সহজেই বলটি আটকে দেন পাকিস্তানের গোলরক্ষক ইউসুফ।
২২ মিনিটে আবারও গোলের কাছাকাছি পৌঁছে যায় বাংলাদেশ। ডান দিক থেকে ফারহান আলী ওয়াহিদের নেওয়া কর্নারে বক্সের ভেতর থেকে শট নেন রাকিব। কিন্তু তাঁর প্রচেষ্টা রুখে দেন পাকিস্তানের গোলরক্ষক।
অন্যদিকে, ৩২ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল পাকিস্তান। মাঝমাঠ থেকে আসা ক্রস নিয়ন্ত্রণে নিয়ে শট নেন আবদুল্লাহ। বাংলাদেশের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণকে পরাস্ত করলেও বলটি পোস্টে লেগে বাইরে চলে যায়।
প্রথমার্ধে ৫৯ শতাংশ বলের দখল ছিল বাংলাদেশের, পাকিস্তানের ৪১ শতাংশ। মাঝমাঠে দারুণ প্রভাব বিস্তার করেন অধিনায়ক হামজা চৌধুরী। খেলার নিয়ন্ত্রণ নেওয়ার পাশাপাশি আক্রমণে সুযোগ তৈরি এবং রক্ষণেও সহায়তা করেন তিনি। অন্যদিকে, পাল্টা আক্রমণের ওপর বেশি নির্ভরশীল ছিল পাকিস্তান।
বিরতির পর আরও গোছানো ফুটবল খেলতে শুরু করে সফরকারীরা। ধীরে ধীরে বাংলাদেশের রক্ষণে চাপ বাড়ায় তারা। দুই দলই গোলের সন্ধানে মরিয়া হয়ে ওঠে।
৭৫ মিনিটে দুর্দান্ত এক ফ্রি-কিক নেন আদিল বানি। তবে বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে অসাধারণ দক্ষতায় বলটি কর্নারের মাধ্যমে বিপদমুক্ত করেন বাংলাদেশের গোলরক্ষক শ্রাবণ।
ছয় মিনিট পর আবারও শ্রাবণের পরীক্ষা নেন বদলি খেলোয়াড় নাজিব উল্লাহ। এক ডিফেন্ডারকে কাটিয়ে বক্সের বাইরে থেকে শট নেন তিনি। এবার ডান দিকে ঝাঁপিয়ে বলটি প্রতিহত করেন বাংলাদেশের গোলরক্ষক।
তবে ৮৬ মিনিটে আর শেষ রক্ষা হয়নি বাংলাদেশের। শ্রাবণ গোলকিক নেওয়ার পরিবর্তে বলটি সামনে ছুড়ে দেন। বক্সের কাছে বলটি পেয়ে এক সতীর্থ ফরোয়ার্ড শাহজাদের দিকে বাড়িয়ে দেন। সেই পাস নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ের কোনাকুনি শটে শ্রাবণকে পরাস্ত করেন শাহজাদ। তাঁর এই গোলেই নিশ্চিত হয় পাকিস্তানের ঐতিহাসিক জয়।
শেষ সময়ে সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে বাংলাদেশ। কয়েকটি সুযোগও তৈরি করে স্বাগতিকরা। কিন্তু বাকি সময়ে আর গোলের দেখা পায়নি তারা।
এর আগে ইনজুরির কারণে সাদ উদ্দিনের পরিবর্তে রহমত মিয়া এবং মোহাম্মদ ইব্রাহিমের জায়গায় সুকি ইতোফুসাকে একাদশে রাখে বাংলাদেশ।
গোলরক্ষক হিসেবে শুরু করেন মেহেদী হাসান শ্রাবণ। রক্ষণভাগে ছিলেন জায়ান আহমেদ, তারিক রায়হান কাজী ও জিদান ইউসুফ। তপু বর্মণ ও বিশ্বনাথ ঘোষ ছিলেন শুরুর একাদশের বাইরে।
মাঝমাঠ সামলান হামজা চৌধুরী, শমিত সোম ও শাহ কাজেম কিরমানী। আক্রমণভাগে ছিলেন রাকিব হোসেন, ফারহান আলী ওয়াহিদ ও সুকি ইতোফুসা।
প্রধান কোচ থমাস ডুলির একাদশে ছিলেন আটজন প্রবাসী ফুটবলার। শ্রীলঙ্কার বিপক্ষে আগের ম্যাচে খেলা জামাল ভূঁইয়াকে এদিন একাদশে রাখা হয়নি।
বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান শ্রাবণ (গোলরক্ষক), হামজা চৌধুরী (অধিনায়ক), জিদান ইউসুফ, রহমত মিয়া, সুকি ইতোফুসা, রাকিব হোসেন, তারিক রায়হান কাজী, জায়ান আহমেদ, ফারহান আলী ওয়াহিদ, শাহ কাজেম কিরমানী ও শমিত সোম।
Rent for add