স্পোর্টস ডেস্ক : ২৬ সেপ্টেম্বর ২০২৬, শনিবার, ২০:১২:১০

ক্রিশ্চিয়ানো রোনালদোর গ্যারেজে বিলাসবহুল ও দুর্লভ গাড়ির কমতি নেই। ফেরারি, ম্যাকলারেন থেকে শুরু করে বুগাটি—বিশ্বের নামী ব্র্যান্ডের একাধিক গাড়ি রয়েছে পর্তুগিজ ফুটবল তারকার সংগ্রহে। তবে সবকিছুকে ছাড়িয়ে গেছে বুগাটি সেন্টোডিয়েচি। প্রায় ১১.৫ মিলিয়ন ডলার বা ১৪২ কোটি টাকা পর্যন্ত মূল্যায়ন করা এই গাড়িটিই রোনালদোর সবচেয়ে দামি গাড়ি হিসেবে পরিচিত।
বুগাটির ১১০ বছর পূর্তি এবং নব্বইয়ের দশকের কিংবদন্তি সুপারকার EB110-এর প্রতি শ্রদ্ধা জানিয়ে তৈরি সেন্টোডিয়েচি। গাড়িটির মাত্র ১০টি ইউনিট তৈরি করেছে বুগাটি। এর একটি রোনালদোর সংগ্রহে রয়েছে, যেটিকে বিভিন্ন প্রতিবেদনে চ্যাসিস নম্বর ৭ হিসেবে উল্লেখ করা হয়েছে।
শুধু বিরলতাই নয়, পারফরম্যান্সেও সেন্টোডিয়েচি রীতিমতো বিস্ময়কর। ৮.০ লিটারের চার-টার্বো W16 ইঞ্জিন থেকে পাওয়া যায় ১,৬০০ হর্সপাওয়ার। মাত্র ২.৪ সেকেন্ডে ০ থেকে ১০০ কিলোমিটার গতিতে উঠতে পারে গাড়িটি। সর্বোচ্চ গতি ঘণ্টায় ৩৮০ কিলোমিটার।
রোনালদোর সংগ্রহে রয়েছে ফেরারি মনজা এসপি১-ও। প্রায় ১.৮ মিলিয়ন ডলারের এই ছাদবিহীন স্পোর্টস কারটি ১৯৫০-এর দশকের রেসিং কার থেকে অনুপ্রাণিত। আছে ম্যাকলারেন সেনাও, যার মাত্র ৫০০টি ইউনিট তৈরি হয়েছে। প্রায় ১ মিলিয়ন ডলারের এই গাড়ি ২.৮ সেকেন্ডে ১০০ কিলোমিটার গতিতে পৌঁছাতে পারে।
তবে এসব দুর্লভ গাড়ির ভিড়েও রোনালদোর গ্যারেজের সবচেয়ে বড় আকর্ষণ হয়ে আছে মাত্র ১০টি তৈরি হওয়া বুগাটি সেন্টোডিয়েচি—দাম, বিরলতা ও পারফরম্যান্স, তিন দিক থেকেই যা অনন্য।
Rent for add