মেয়েদের সামনে হ্যাটট্রিক শিরোপার হাতছানি

দক্ষিণ এশিয়ার মেয়েদের ফুটবলের সবচেয়ে বড় ও মর্যাদাপূর্ণ আসর সাফ নারী চ্যাম্পিয়নশিপের পর্দা উঠেছে সোমবার। ভারতের পর্যটন নগরী গোয়ায় বসছে নারী ফুটবলের এই মেগা টুর্নামেন্ট।

এবারের আসরটি বাংলাদেশের জন্য কেবল শ্রেষ্ঠত্ব ধরে রাখার লড়াই নয়, ফুটবল ইতিহাসে নিজেদের নাম স্বর্ণাক্ষরে লিখে রাখার এক অনন্য সুযোগও। টানা দুইবারের চ্যাম্পিয়ন আফঈদা-ঋতুপর্ণাদের সামনে এবার হ্যাটট্রিক শিরোপা জয়ের এক সোনালী সম্ভাবনা।

গত দুটি আসরে দক্ষিণ এশিয়ায় নিজেদের একচ্ছত্র আধিপত্য দেখিয়েছে বাংলাদেশের মেয়েরা। ২০২২ সালে কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে প্রথমবার ট্রফি উঁচিয়ে ধরে ইতিহাস গড়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা। এরপর ২০২৪ সালে একই ভেন্যুতে সেই স্বাগতিক নেপালকে স্তব্ধ করে দিয়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। এবার মিশন ভারতের মাটিতে শ্রেষ্ঠত্বের মুকুট ধরে রাখা।

​বাংলাদেশের জন্য এবারের পথচলাটা মোটেও সহজ হবে না। ঘরের মাঠে টুর্নামেন্ট হওয়ায় পাঁচবারের চ্যাম্পিয়ন ভারত সর্বশক্তি দিয়ে মাঠে নামবে। বিগত দুই আসরে বাংলাদেশের কাছে খোয়ানো সাম্রাজ্য ও শ্রেষ্ঠত্ব ফিরে পেতে মরিয়া সুনীল ছেত্রির দেশের মেয়েরা। চেনা কন্ডিশন আর গ্যালারিভর্তি দর্শককে কাজে লাগিয়ে ভারতকে চ্যাম্পিয়ন করাই দলটির মূল লক্ষ্য। এছাড়া প্রতিবারের পরাশক্তি নেপালও এবার শিরোপার জন্য মুখিয়ে আছে।

বাংলাদেশ দল এই কঠিন চ্যালেঞ্জ মোকাবিলার জন্য পুরোপুরি প্রস্তুত। টুর্নামেন্ট শুরুর আগে কঠোর অনুশীলনের মাধ্যমে নিজেদের ফিটনেস ও কৌশলে দারুণ ধার বাড়িয়েছেন মারিয়া-তহুরারা। ভারত যাওয়ার আগে পিটার বাটলারের দল থাইল্যান্ডে প্রায় ৩ সপ্তাহ অনুশীলন করেছে। সেখানে দুটি প্রস্তুতি ম্যাচও খেলেছে। বাংলাদেশের মেয়েদের লক্ষ্য ট্রফি নিয়ে দেশে ফেরা।

৬ জাতির এই টুর্নামেন্ট সোমবার শুরু হলেও বাংলাদেশের মেয়েরা মাঠে নামবে বৃহস্পতিবার মালদ্বীপের বিপক্ষে। বাংলাদেশের গ্রুপের অন্য দলটি স্বাগতিক ভারত। পাকিস্তান এবারের আসর থেকে নাম প্রত্যাহার করেছে।

 

Rent for add

সর্বশেষ নিউজ

for rent