স্পোর্টস ডেস্ক : ১৩ মে ২০২৬, বুধবার, ১৮:০৪:০০

মেজর লিগ সকারে (এমএলএস) এখনও সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত খেলোয়াড় হলেন লিওনেল মেসি। এমএলএস প্লেয়ার্স অ্যাসোসিয়েশন মঙ্গলবার জানিয়েছে, তার বার্ষিক মূল বেতন ২ কোটি ৫০ লাখ ডলার, যা দ্বিতীয় সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত খেলোয়াড় সন হিউং-মিনের বেতনের দ্বিগুণেরও বেশি।
গত অক্টোবরে ইন্টার মিয়ামির সঙ্গে মেসি যে নতুন চুক্তি করেছেন সেটির আওতায় তিনি ২০২৮ মৌসুম পর্যন্ত ফ্লোরিডার ক্লাবটিতে থাকবেন।
তথ্য অনুযায়ী, মেসির মূল বেতন দ্বিগুণ হয়েছে এবং সব মিলিয়ে তিনি নিশ্চিত পারিশ্রমিক হিসেবে ২ কোটি ৮৩ লাখ ডলার পাবেন।
গত আগস্টে টটেনহ্যাম হটস্পারের সাবেক অধিনায়ক হিসেবে লস অ্যাঞ্জেলেস এফসিতে যোগ দেন দক্ষিণ কোরিয়ার তারকা সন। তার মূল বেতন ১ কোটি ৩৬ লাখ ডলার এবং সব মিলিয়ে পারিশ্রমিক ১ কোটি ১২ লাখ ডলার। তার ট্রান্সফার ফি ছিল এমএলএস ইতিহাসের রেকর্ড ২ কোটি ৬০ লাখ ডলার।
৩৮ বছর বয়সী মেসি আগামী মাসে শুরু হতে যাওয়া বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা রক্ষার অভিযানে নেতৃত্ব দেবেন বলে আশা করা হচ্ছে। এমএলএসে ইন্টার মিয়ামির হয়ে ৬৪টি নিয়মিত মৌসুমের ম্যাচে তিনি ৫৯টি গোল করেছেন। গত মৌসুমে ২৯ গোল করে তিনি লিগের সর্বোচ্চ গোলদাতা হন এবং টানা দ্বিতীয়বারের মতো সবচেয়ে মূল্যবান খেলোয়াড় (এমভিপি) নির্বাচিত হন।
মেসির ইন্টার মিয়ামি ও আর্জেন্টিনা সতীর্থ রদ্রিগো ডি পল ৯৭ লাখ ডলার পারিশ্রমিক নিয়ে তালিকার তৃতীয় স্থানে আছেন।
মেক্সিকোর হিরভিং “চাকি” লোসানো ৯৩ লাখ ডলার নিয়ে চতুর্থ স্থানে আছেন। যদিও গত নভেম্বরের পর থেকে তিনি সান দিয়েগোর হয়ে খেলেননি।
আটলান্টার মিগেল আলমিরন ৭৯ লাখ ডলার পারিশ্রমিক নিয়ে শীর্ষ পাঁচে অবস্থান করছেন।
পুরো লিগের মোট পারিশ্রমিক ধরা হয়েছে ৬৩ কোটি ১০ লাখ ডলার। এর মধ্যে গড় পারিশ্রমিক ৬ লাখ ৮৮ হাজার ৮১৬ ডলার, যা গত অক্টোবরে প্রকাশিত তথ্যের তুলনাযয় ৮.৯ শতাংশ বেশি।
Rent for add