নিজস্ব প্রতিবেদক : ১৫ এপ্রিল ২০২৬, বুধবার, ০:৫১:০৮

চোট-জর্জর সময় পেছনে ফেলে এখনও বিশ্বকাপ দলে জায়গা করে নেওয়ার সুযোগ রয়েছে- এমনটাই বিশ্বাস ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির। তার মতে, পুরোপুরি ফিট হতে পারলে আসন্ন ফিফা বিশ্বকাপে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমার।
ফরাসি সংবাদমাধ্যম এল ইকুইপিকে দেওয়া সাক্ষাৎকারে আনচেলত্তি বলেন, `সে (নেইমার) আবার শতভাগ ফিট হতে সক্ষম। ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এবং আমি তাকে পর্যবেক্ষণ করছি। তার হাতে এখনও দুই মাস সময় আছে প্রমাণ করার জন্য যে, বিশ্বকাপে খেলার মতো প্রস্তুত সে।‘
৩৪ বছর বয়সী নেইমার ইনজুরির কারণে ২০২৩ সালের অক্টোবরের পর থেকে ব্রাজিলের জার্সিতে খেলতে পারেননি। এরপর থেকে আনচেলত্তির দলে নিয়মিত জায়গা পাননি সাবেক পিএসজি তারকা। তবে ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা (৭৯ গোল) হিসেবে তার গুরুত্ব এখনও অস্বীকার করা যায় না।
আনচেলত্তি স্পষ্ট করে জানিয়েছেন, `আমি আগেও বলেছি- শারীরিকভাবে যারা প্রস্তুত, তাদেরই দলে ডাকব।‘ তবু নেইমারের প্রতিভা ও অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, `নেইমার ব্রাজিল ফুটবলে ইতিহাস তৈরি করেছে, এখনও করছে। সে অসাধারণ প্রতিভা, তাই মানুষ ভাববেই সে আমাদের বিশ্বকাপ জিততে সাহায্য করতে পারে।‘
নেইমারকে দলে ফেরানোর দাবি তুলেছেন সমর্থকরাও। গত মাসে ফ্রান্সের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ২-১ গোলের হারের সময় গ্যালারিতে নেইমারের নাম ধ্বনিত হয়।
চোট কাটিয়ে ফেরার পথেও এগোচ্ছেন এই তারকা। গত ২২ ডিসেম্বর বাঁ হাঁটুতে ছোট একটি অস্ত্রোপচার করান তিনি। এরপর আন্তর্জাতিক বিরতিতে আরও একটি চিকিৎসা প্রক্রিয়ার মধ্য দিয়ে গেছেন, যাতে বিশ্বকাপের আগে পুরোপুরি ফিট হয়ে উঠতে পারেন।
আনচেলত্তি জানান, `ডিসেম্বরে চোট পাওয়ার পর নেইমার ভালোভাবেই ফিরে আসছে। সে গোল করছে, ফিটনেস আরও উন্নত করতে হবে। সে সঠিক পথেই আছে।”
ক্লাব ফুটবলেও ধীরে ধীরে ছন্দে ফিরছেন নেইমার। সান্তোসের হয়ে সর্বশেষ ম্যাচে অ্যাটলেটিকো মিনেইরোর বিপক্ষে পুরো ৯০ মিনিট খেলেন এবং দলকে ১-০ ব্যবধানে জয়ে সহায়তা করেন।
সান্তোস কোচ কিউসা বলেন, `প্রতি ম্যাচেই নেইমারের উন্নতি হচ্ছে। অনুশীলনের পরও সে বাড়তি সময় দিচ্ছে। বলের ওপর তার মুভমেন্ট আগের চেয়ে অনেক ভালো হয়েছে। ৯০ মিনিট খেলানো কিছুটা ঝুঁকিপূর্ণ, তবে আমরা ধীরে ধীরে তাকে প্রস্তুত করছি।‘
সব মিলিয়ে, সময়ের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছেন নেইমার। সামনে থাকা দুই মাসই নির্ধারণ করে দেবে- বিশ্বকাপ মঞ্চে আবারও ব্রাজিলের জার্সিতে দেখা যাবে কি না এই মহাতারকাকে।
Rent for add