স্পোর্টস ডেস্ক : ৩০ মার্চ ২০২৬, সোমবার, ১:৪৯:০৫

এই গ্রীষ্মে বিশ্বকাপের সহ-আয়োজক হিসেবে প্রস্তুতি নিতে থাকা যুক্তরাষ্ট্র শনিবার বড় ধাক্কা খেয়েছে। বেলজিয়ামের কাছে ৫-২ গোলে পরাজিত হয়েছে মরিসিও পোচেত্তিনোর দল।
বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ৭৫ দিন বাকি থাকতে এই বড় পরাজয় আমেরিকানদের জন্য এক ধরনের সতর্কবার্তা হিসেবে এসেছে। সাম্প্রতিক ভালো পারফরম্যান্সের পরও ইউরোপের শক্তিশালী দলের বিপক্ষে তাদের দুর্বলতা আবারও প্রকাশ পেয়েছে।
পোচেত্তিনো বলেন, “আমি এটাকে আমাদের জন্য বাস্তবতা যাচাই হিসেবে দেখছি। কারণ এখনই এই ধরনের পরিস্থিতি অনুভব করে উন্নতি করার সময় আমাদের হাতে রয়েছে।
আমাদের অবশ্যই উন্নতি করতে হবে।”
ম্যাচের শুরুতেই যুক্তরাষ্ট্র এগিয়ে যায়। ৬৭ হাজার দর্শকের উপস্থিতিতে ওয়েস্টন ম্যাককেনি গোল করে দলকে এগিয়ে দেন।
কিন্তু বিশ্বের নবম স্থানে থাকা বেলজিয়ামের বিপক্ষে বড় জয়ের আশা দ্রুতই ভেঙে যায়। একের পর এক আক্রমণে জেনো ডেবাস্ট, আমাদু ওনানা ও চার্লস দে কেটেলার গোল করেন, আর বদলি খেলোয়াড় ডোডি লুকেবাকিও করেন জোড়া গোল।
শেষদিকে প্যাট্রিক আগিয়েমাং যুক্তরাষ্ট্রের হয়ে একটি সান্তনাসূচক গোল করেন। মঙ্গলবার তারা পর্তুগালের বিপক্ষে আরেকটি গুরুত্বপূর্ণ প্রীতি ম্যাচ খেলবে। এরপর মে মাসে পোচেত্তিনো চূড়ান্ত দল ঘোষণা করবেন।
এসি মিলানের ফরোয়ার্ড এবং যুক্তরাষ্ট্র দলের অন্যতম তারকা ক্রিশ্চিয়ান পুলিসিচ বলেন, “এই হারটা আমাদের মেনে নিতে হবে। এটি কঠিন পরাজয়। তারা খুব ভালো দল, কিন্তু অনেক জায়গায় আমাদের উন্নতি করা দরকার। আমাকে উন্নতি করতে হবে। দলকেও উন্নতি করতে হবে।”
আন্তর্জাতিক ফুটবলে দীর্ঘদিন দুর্বল হিসেবে বিবেচিত হলেও যুক্তরাষ্ট্র সম্প্রতি শক্তিশালী দল গড়ে তুলেছে।
টটেনহ্যাম ও প্যারিস সেন্ট-জার্মেইনের সাবেক কোচ পোচেত্তিনোকে দায়িত্ব দেওয়া হয়েছে। এই দলে পুলিসিচ ও জুভেন্টাসের মিডফিল্ডার ম্যাককেনির মতো তারকারা রয়েছেন।
বিশ্বকাপে নিজেদের মাঠে সব ম্যাচ খেলবে যুক্তরাষ্ট্র, ফলে স্বাভাবিকভাবেই প্রত্যাশাও অনেক বেশি। কিন্তু শনিবারের পারফরম্যান্স দেখে সমর্থকরা হতাশ হন। যদিও ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে বিশ্বকাপে দলের সাফল্যের ব্যপারে আশাবাদী পোচেত্তিনো।
Rent for add