স্পোর্টস ডেস্ক : ৪ মার্চ ২০২৬, বুধবার, ২১:৫৬:১৬

ফেব্রুয়ারির শুরুতে প্রথম লেগে ৪-০ গোলে জয়ের পূর্ণ সুবিধা ভোগ করলো এ্যাথলেটিকো মাদ্রিদ। মঙ্গলবার বার্সেলোনার কাছে সেমিফাইনালের দ্বিতীয় লেগে ক্যাম্প ন্যুতে ৩-০ গোলে পরাজিত হয়েও দুই লেগ মিলিয়ে ৪-৩ ব্যবধানে এগিয়ে থেকে কোপা ডেল রে’র ফাইনাল নিশ্চিত করেছে এ্যাথলেটিকো।
৩২ বারের চ্যাম্পিয়ন বার্সেলোনার জার্সিতে তরুণ মার্ক বার্নাল জোড়া গোল করেন। বাকি গোল আসে রাফিনিয়ার পেনাল্টি থেকে। তবে দিয়েগো সিমিওনের দল শেষ পর্যন্ত কোন গোল করতে পারেনি। যদিও প্রথম লেগে বড় ব্যবধানে এগিয়ে থাকার সুবিধা এ্যাথলেটিকো ভালমতই কাজে লাগিয়েছে।
এ্যাথলেটিকো ২০১৩ সালের পর প্রথমবারের মতো ফাইনালে ফিরল।
বার্সা কোচ হান্সি ফ্লিক বলেন, “আমরা হতাশ, কিন্তু আজকের পারফরম্যান্স নিয়ে গর্বিত হতে পারি। আমরা অসাধারণ খেলেছি, অনেক সুযোগ তৈরি করেছি। শেষ পর্যন্ত যা হওয়ার তা হয়নি।”
সিমিওনে বলেন, “সাম্প্রতিক বছরগুলোতে আমরা ফাইনালে ফেরার কাছাকাছি ছিলাম। দুই লেগ মিলিয়ে আমরা বার্সেলোনার চেয়ে ভালো ছিলাম।”
শুরু থেকেই আক্রমণাত্মক ছিল বার্সেলোনা। তবে প্রথমার্ধেই ইনজুরিতে পড়েন জুলেন কুন্ডে। পাল্টা আক্রমণে সাবেক বার্সা তারকা আঁতোয়ান গ্রীজম্যানও সুযোগ তৈরি করেন।
তরুন লামিন ইয়ামালের বাড়ানো বল থেকে বার্নাল প্রথম গোল করেন। পরে পেদ্রির আদায় করা পেনাল্টি থেকে রাফিনিয়া ব্যবধান দ্বিগুন করেন।
দ্বিতীয়ার্ধে হুয়াও ক্যানসেলোর ক্রস থেকে বার্নাল আরেকটি গোল করে ব্যবধান ৩-০ করেন, ফলে ম্যাচ জমে ওঠে। শেষদিকে বার্সা কোচ সেন্টার-ব্যাক রোনাল্ড আরাউজোকে আক্রমণে তুলে দেন চতুর্থ গোলের আশায়। কিন্তু এ্যাথলেটিকো শেষ পর্যন্ত রক্ষণ সামলে ফাইনাল নিশ্চিত করে।
ফাইনালের আগে গ্রিজম্যানের ভবিষ্যৎ অনিশ্চিত। তার এমএলএস ক্লাব অরল্যান্ডে সিটিতে যোগ দেওয়ার গুঞ্জন রয়েছে। যদিও সিমিওনে বলেছেন, “আমি আশা করি সে ফাইনালে খেলবে, সে এর যোগ্য।”
বার্সেলোনা এখন মনোযোগ দেবে লা লিগায়, যেখানে তারা রিয়াল মাদ্রিদের চেয়ে চার পয়েন্টে এগিয়ে শীর্ষে অবস্থান করছে। এছাড়া চ্যাম্পিয়ন্স লিগে এখনো কাতালান জায়ান্টদের আশা টিকে আছে। শেষ ষোলোতে তাদের প্রতিপক্ষ নিউক্যাসল ইউনাইটেড।
Rent for add