বিশেষ সংবাদদাতা, কাঠমান্ডু (নেপাল) থেকে : ১৪ সেপ্টেম্বর ২০২২, বুধবার, ০:১৩:৫৯

চলমান সাফ নারী ফুটবলে গোলের খড়ায় ভুগছিলেন কৃষ্ণা রানী সরকার। নেপালের কাঠমান্ডুতে গ্রুপ পর্বে মালদ্বীপ ও পাকিস্তানের সঙ্গে পরপর দুটি ম্যাচে কাঙ্খিত গোল না পাওয়ায় খানিকটা হতাশও ছিলেন। ম্যাচে গোল পাচ্ছেন না বলে ভীষণ আফসোস ছিল। তবে তিনি গোল পেতে মুখিয়ে ছিলেন। এমন কি গ্রুপের শেষ ম্যাচে গোল করার একটা তাগিদ অনুভব করছিলেন।
তাই তো কৃষ্ণা ভারতের ম্যাচকে বেছে নিয়েছিলেন গোল তাকে করতেই হবে। ম্যাচের আগের দিন অনুশীলন শেষে বলেছিলেন, এই ম্যাচে তিনি গোল করতে চান। হ্যাঁ, ভারতের বিপক্ষে মঙ্গলবার কৃষ্ণা তার কথা রেখেছেন। তিনি তার কাঙ্খিত গোলই শুধু পাননি, একই সঙ্গে বাংলাদেশ-ভারত ম্যাচে তিনি ম্যাচসেরাও হয়েছেন।
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে বাংলাদেশ ৩-০ গোলে প্রথমবারের মতো শক্তিশালী ভারতকে পরাজিত করে। এর মধ্যে স্বপ্না দুটি ও কৃষ্ণা ১টি গোল করেন।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কৃষ্ণা বলেন, আমি আমার কথা রেখেছি। গোল করেছি। ভারতের বিপক্ষে এই অবিস্মরণীয় জয় প্রসঙ্গে তিনি জানান, সবার সম্মিলিত প্রচেষ্টার ফসল এটি। আমরা এখানেই থেমে থাকতে চাই না।
Rent for add