ফুটবলকে বিদায় বললেন বিশ্বকাপজয়ী হুয়ান মাতা

স্পেনের বিশ্বকাপজয়ী তারকা হুয়ান মাতা ৩৮ বছর বয়সে পেশাদার ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন।

চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এই প্লেমেকার গত সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার ক্লাব মেলবোর্ন ভিক্টরি ছেড়ে যান। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে অবসরের ঘোষণা দিয়ে আবেগঘন বার্তায় তিনি লেখেন, ‘কখনো কখনো ভালোবাসার অর্থ হলো ছেড়ে দেওয়া। ধন্যবাদ, ফুটবল।’

২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত বিশ্বকাপ এবং ২০১২ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপজয়ী স্পেন দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন মাতা।

ভ্যালেন্সিয়ার হয়ে নিজের প্রতিভার জানান দেওয়া এই মিডফিল্ডার ক্লাবটির হয়ে কোপা দেল রে জয়ের পর ২০১১ সালে যোগ দেন ইংলিশ ক্লাব চেলসিতে। লন্ডনের ক্লাবটির হয়ে ২০১২ সালে চ্যাম্পিয়ন্স লিগসহ বেশ কয়েকটি শিরোপা জেতেন তিনি। ২০১৪ সালে পাড়ি জমান ম্যানচেস্টার ইউনাইটেডে। এরপর তুরস্কের গ্যালাতাসারে, জাপানের ভিসেল কোবে, অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্স হয়ে সবশেষ খেলেছেন মেলবোর্ন ভিক্টরিতে।

নিজের ওয়েবসাইটে অবসরের ঘোষণা দিয়ে মাতা আরও লিখেছেন, ‘ফুটবল কখনোই আমার জীবন থেকে হারিয়ে যাবে না। খেলাটির প্রতি ভালোবাসা অব্যাহত রাখার অনেক উপায় রয়েছে। উন্নয়নের বাহন হিসেবে ফুটবলকে কাজে লাগানোরও অনেক সুযোগ আছে। পেশাদার ফুটবল খেলা হয়তো বন্ধ করছি, কিন্তু কখনোই ফুটবলার হওয়া বন্ধ করব না।’

খেলোয়াড়ি জীবনের ইতি টানলেও ফুটবলের সঙ্গে সম্পর্ক ছিন্ন হচ্ছে না মাতার। মেলবোর্ন ভিক্টরি ক্লাবের সংখ্যালঘু মালিকানা কিনে নেওয়ায় অবসরের পরও ক্লাবটির সঙ্গে যুক্ত থাকছেন তিনি। এ ছাড়া ফর্মুলা ওয়ানের দল আলপাইন এবং মেজর লিগ সকারের ক্লাব সান ডিয়েগো এফসিতেও তাঁর অংশীদারত্ব রয়েছে।

২০১৭ সালে ‘কমন গোল’ নামের একটি দাতব্য সংস্থা প্রতিষ্ঠা করেন মাতা। এই উদ্যোগের আওতায় নিজের বেতনের অন্তত এক শতাংশ বিভিন্ন জনকল্যাণমূলক কাজে দান করে আসছেন তিনি।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent