নিজস্ব প্রতিবেদক : ১৮ নভেম্বর ২০২৬, বুধবার, ২১:৩৯:৪১

দীর্ঘ অপেক্ষার অবসান হতে যাচ্ছে। পাঁচ বছর দুই মাস পর আবারও ঘরোয়া ক্লাব ফুটবলে মুখর হতে যাচ্ছে ঢাকার ঐতিহ্যবাহী জাতীয় স্টেডিয়াম। আগামী ২৪ নভেম্বর ফর্টিস এফসি ও রহমতগঞ্জ এমএফএসের মধ্যকার ফেডারেশন কাপের ম্যাচ দিয়ে এই মাঠে ফিরছে ক্লাব ফুটবলের প্রতিযোগিতা।
সর্বশেষ ২০২১ সালের ২০ সেপ্টেম্বর জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল ঘরোয়া ফুটবলের ম্যাচ। বাংলাদেশ প্রিমিয়ার লিগের সেই খেলায় আবাহনী লিমিটেড ও বসুন্ধরা কিংস ১-১ গোলে ড্র করেছিল। এরপর সংস্কারকাজসহ নানা কারণে টানা পাঁচ মৌসুম এই মাঠে হয়নি ঘরোয়া ফুটবলের কোনো প্রতিযোগিতা।
সংস্কার শেষে গত বছর ৪ জুন ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবল ফিরলেও ঘরোয়া ফুটবলের প্রত্যাবর্তন হচ্ছিল না। এ সময়ে ঢাকার ফুটবলের প্রধান ভেন্যু হয়ে ওঠে বসুন্ধরা কিংস অ্যারেনা। পাশাপাশি মুন্সিগঞ্জ, মানিকগঞ্জসহ বিভিন্ন জেলা শহরেও আয়োজন করা হয় লিগ ও কাপের ম্যাচ। এতে জাতীয় স্টেডিয়ামে নিয়মিত ফুটবল দেখার সুযোগ থেকে বঞ্চিত হন রাজধানীর দর্শকেরা।
অবশেষে ফেডারেশন কাপ দিয়ে সেই অপেক্ষার অবসান হচ্ছে। ২৪ নভেম্বর একই দিনে তিন ভেন্যুতে অনুষ্ঠিত হবে তিনটি ম্যাচ। জাতীয় স্টেডিয়ামে খেলবে ফর্টিস এফসি ও রহমতগঞ্জ। মুন্সিগঞ্জে মুখোমুখি হবে আবাহনী লিমিটেড ও ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব। অন্য ম্যাচে মানিকগঞ্জে লড়বে ব্রাদার্স ইউনিয়ন ও চট্টগ্রাম সিটি এফসি।
সাফ চ্যাম্পিয়নশিপকে কেন্দ্র করে জাতীয় দলের ব্যস্ততায় বন্ধ ছিল ঘরোয়া ফুটবলের কার্যক্রম। আন্তর্জাতিক সূচির ব্যস্ততা কাটিয়ে এবার আবারও মাঠে ফিরছে ক্লাব ফুটবল। ফেডারেশন কাপের পর আগামী ২৭ নভেম্বর শুরু হওয়ার কথা বাংলাদেশ প্রিমিয়ার লিগ। ফলে জাতীয় স্টেডিয়ামে ক্লাব ফুটবলের প্রত্যাবর্তনের মধ্য দিয়ে রাজধানীর দর্শকদের জন্যও খুলছে নতুন সম্ভাবনার দুয়ার।
Rent for add