নিজস্ব প্রতিবেদক : ১৭ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ২২:০৭:৪৪

সাংবাদিকতার দীর্ঘ পথচলায় ক্রীড়াঙ্গনের সাফল্য-ব্যর্থতা, ইতিহাস, ঐতিহ্য, সংকট ও সম্ভাবনা নিয়ে লেখালেখির পাশাপাশি সাহিত্যচর্চায় অবদানের স্বীকৃতি পেলেন ক্রীড়া সাংবাদিক ও লেখক এবং ফুটবলবাংলাদেশ.কম এর সম্পাদক মোরসালিন আহমেদ। তাঁর রচিত ‘সন্ধিক্ষণে ক্রীড়াঙ্গন’ গ্রন্থের জন্য ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) লেখক সম্মাননা পেয়েছেন তিনি। সাংবাদিকতার পাশাপাশি লেখালেখি ও সৃজনশীল কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এ সম্মাননা দেওয়া হয়।
আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে মোরসালিন আহমেদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। ২০২৬ সালে সাহিত্যচর্চায় উৎসাহিত করা এবং সদস্যদের সৃজনশীল কর্মকাণ্ডের স্বীকৃতি দিতে ২৬ জন সদস্য-লেখককে এ সম্মাননা প্রদান করেছে ডিআরইউ।
‘সন্ধিক্ষণে ক্রীড়াঙ্গন’ গ্রন্থে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের বিভিন্ন সময়ের পরিবর্তন, উত্থান-পতন, সংকট, সম্ভাবনা ও গুরুত্বপূর্ণ ঘটনাপ্রবাহ তুলে ধরেছেন মোরসালিন আহমেদ। শুধু মাঠের সাফল্য কিংবা ব্যর্থতার বিবরণ নয়, ক্রীড়াঙ্গনের নেপথ্যের বাস্তবতা, সাংগঠনিক দুর্বলতা, প্রশাসনিক সীমাবদ্ধতা এবং উত্তরণের পথও উঠে এসেছে তাঁর লেখায়। দেশের ক্রীড়াঙ্গনকে ইতিহাস, সমাজ ও সময়ের প্রেক্ষাপটে বিশ্লেষণের পাশাপাশি ভবিষ্যৎ সম্ভাবনার দিকেও পাঠকের দৃষ্টি আকর্ষণ করেছেন লেখক।
ক্রীড়াঙ্গনের নানা বাঁকবদল, অর্জন ও অপ্রাপ্তির ঘটনাগুলোকে লেখনীর মাধ্যমে সংরক্ষণের একটি প্রয়াস রয়েছে গ্রন্থটিতে। ক্রীড়া সাংবাদিকতার অভিজ্ঞতা, দীর্ঘদিনের পর্যবেক্ষণ এবং অনুসন্ধানী দৃষ্টিভঙ্গির সমন্বয়ে বইটি হয়ে উঠেছে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের নানা বাস্তবতা অনুধাবনের একটি দলিল।
প্রায় ২৮ বছরের সাংবাদিকতা জীবনে মোরসালিন আহমেদ ক্রীড়া সাংবাদিকতার পাশাপাশি সাহিত্যধর্মী লেখা, গবেষণা ও বিশ্লেষণমূলক প্রতিবেদন তৈরিতে নিজেকে যুক্ত রেখেছেন। জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনের ঘটনাপ্রবাহ তুলে ধরার পাশাপাশি বাংলাদেশের খেলাধুলার ইতিহাস, ঐতিহ্য, অর্জন ও সীমাবদ্ধতা নিয়ে তাঁর রয়েছে দীর্ঘদিনের অনুসন্ধান ও লেখালেখি। পেশাগত দায়িত্ব পালনে বিশ্বের ২৫টি দেশ ভ্রমণের অভিজ্ঞতাও রয়েছে তাঁর। বিভিন্ন আন্তর্জাতিক ক্রীড়া আসর কাভার করার অভিজ্ঞতা তাঁর লেখায় যোগ করেছে ভিন্নমাত্রা।
ক্রীড়াঙ্গন নিয়ে লেখালেখির পাশাপাশি চীনবিষয়ক সাংবাদিকতায়ও সাম্প্রতিক সময়ে বিশেষ স্বীকৃতি পেয়েছেন মোরসালিন আহমেদ। গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ডস বাংলাদেশ ২০২৬-এ প্রযুক্তি, স্বাস্থ্য ও শিক্ষা বিভাগে তৃতীয় স্থান অর্জন করেন তিনি। চীনের চিকিৎসাব্যবস্থার অগ্রগতি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং বাস্তব অভিজ্ঞতার সমন্বয়ে লেখা তাঁর ‘চিকিৎসায় চীনের বিস্ময়, বাস্তবতার আয়নায় নতুন দিগন্ত’ শীর্ষক প্রতিবেদনের জন্য এ আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়া হয়।
চীন সফরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশটির স্বাস্থ্য, অর্থনীতি, গ্রামীণ উন্নয়ন, সংস্কৃতি ও ক্রীড়াঙ্গন নিয়েও ধারাবাহিকভাবে লিখছেন তিনি। আন্তর্জাতিক অভিজ্ঞতাকে দেশীয় বাস্তবতার সঙ্গে মিলিয়ে পাঠকের সামনে নতুন দৃষ্টিভঙ্গি তুলে ধরার চেষ্টা তাঁর সাম্প্রতিক লেখালেখির অন্যতম বৈশিষ্ট্য।
সাংবাদিকতা ও সাহিত্যচর্চার সমান্তরাল পথচলায় ডিআরইউর এই সম্মাননা মোরসালিন আহমেদের অর্জনের খাতায় যোগ করল নতুন মাত্রা। বিশেষ করে ক্রীড়াঙ্গনের ইতিহাস, ঐতিহ্য ও নেপথ্যের ঘটনাপ্রবাহ নিয়ে গবেষণাধর্মী লেখালেখির স্বীকৃতি হিসেবে এ সম্মাননা তাঁর জন্য তাৎপর্যপূর্ণ। দেশের ক্রীড়া ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণে তাঁর লেখালেখির প্রচেষ্টা ভবিষ্যতে আরও বিস্তৃত হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
ডিআরইউর লেখক সম্মাননাপ্রাপ্ত ২৬ সদস্য-লেখক হলেন—তৌহিদুর রহমান, জীবন ইসলাম, আবদুল্লাহ জেয়াদ, মোরসালিন আহমেদ, আসিফ হাসান নবী, মুহাম্মদ নূরে আলম, এম এম বাদশাহ্, এম এম রাশেদ রাব্বি, আমিনুল হক ভূঁইয়া (ঋদি হক), হাসান হাফিজ, আবু আলী, রকিবুল ইসলাম মুকুল, প্রণব কুমার মজুমদার, সাঈদ আহমেদ খান, ইবরাহীম খলিল, সিরাজুল ইসলাম কাদির, জামশেদ নাজিম, কুদরাত-ই-খোদা, ইমরুল কায়েস, ইমরান উজ-জামান, আমিরুল মোমেনীন মানিক, মুহম্মদ মিজানুর রহমান (মিজান রহমান), জহিরুল ইসলাম, নির্মল চক্রবর্তী, সারওয়ার বাবর চৌধুরী ও শামসুজ্জামান শামস।
ডিআরইউ সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজান চৌধুরী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পন্সর প্রতিষ্ঠান আস্থা মিডিয়া লিমিটেডের চেয়ারম্যানের পক্ষে নুসরাত সুলতানা এবং প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক হাবিবুল্লাহ মিজান। এ ছাড়া উপস্থিত ছিলেন শাহজালাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ।
Rent for add