স্পোর্টস ডেস্ক : ১ নভেম্বর ২০২৬, রবিবার, ০:১৯:৫৫

সাফ চ্যাম্পিয়নশিপের প্রচার-প্রচারণার অংশ হিসেবে রোববার ঢাকার জাতীয় স্টেডিয়ামে বসছে বাংলাদেশের ফুটবলের দুই সোনালি প্রজন্মের মিলনমেলা। মাঠে নামবেন ২০০৩ সালের সাফ চ্যাম্পিয়ন এবং ২০১০ সালের এসএ গেমসে স্বর্ণজয়ী বাংলাদেশ দলের সাবেক ফুটবলাররা। দুই চ্যাম্পিয়ন দলের মধ্যে প্রীতি ম্যাচটি শুরু হবে বিকেল ৫টায়।
ব্যতিক্রমী এই আয়োজনের অন্যতম উদ্যোক্তা দুই দলেরই সাবেক ফুটবলার ও বর্তমান ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তাঁর উদ্যোগেই দুই ঐতিহাসিক দলের সাবেক খেলোয়াড়দের নিয়ে ম্যাচটি আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে। জানা গেছে, আমিনুল নিজেও দুই অর্ধে দুই দলের হয়ে খেলবেন। ফলে একই মাঠে আবারও একসঙ্গে দেখা যাবে দেশের ফুটবলের দুই গৌরবময় অধ্যায়ের পরিচিত মুখগুলোকে।
২০০৩ সালে ঘরের মাঠে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার ফুটবলে শ্রেষ্ঠত্ব অর্জন করেছিল বাংলাদেশ। সাত বছর পর, ২০১০ সালে একই জাতীয় স্টেডিয়ামে এসএ গেমসের ফুটবলে স্বর্ণপদক জিতে সেই সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখে লাল-সবুজের দল। দুই ঐতিহাসিক সাফল্যের নায়কদের নিয়ে আয়োজিত এই ম্যাচ তাই নিছক প্রীতি লড়াই নয়; বরং দেশের ফুটবলের গৌরবোজ্জ্বল অতীতকে স্মরণ করার বিশেষ উপলক্ষ।
২০০৩ সালের পর আর সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিততে পারেনি বাংলাদেশ। ২০০৫ সালে একবার ফাইনালে উঠলেও শেষ পর্যন্ত রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল দলকে। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও সাফের মুকুট পুনরুদ্ধারের স্বপ্ন দেখছে বাংলাদেশ।
সেই লক্ষ্য সামনে রেখে কোচ টমাস ডুলির অধীনে চলছে আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি। দুই চ্যাম্পিয়ন দলের সাবেক ফুটবলারদের এই পুনর্মিলন নতুন করে জাগিয়ে তুলতে পারে দেশের ফুটবলপ্রেমীদের স্মৃতিতে সাফল্যের সেই সোনালি দিনগুলো। একই সঙ্গে বর্তমান প্রজন্মের ফুটবলারদেরও অনুপ্রাণিত করতে পারে অতীতের সেই অর্জন।
Rent for add