উয়েফা সভাপতি পদে ফের লড়বেন সেফেরিন

ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার সভাপতি পদে আবারও নির্বাচনে লড়ার ঘোষণা দিয়েছেন আলেকসান্দার সেফেরিন। আগামী বছর চার বছরের মেয়াদে পুনর্নির্বাচিত হওয়ার লড়াইয়ে নামবেন তিনি। বৃহস্পতিবার বার্লিনে অনুষ্ঠিত এক বৈঠকের পর উয়েফার ৫৫টি সদস্যদেশের ফুটবল অ্যাসোসিয়েশনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানান স্লোভেনিয়ার এই কর্মকর্তা।

এর আগে পুনর্নির্বাচনে না লড়ার কথা জানিয়েছিলেন ৫৮ বছর বয়সী সেফেরিন। তবে উয়েফার সদস্যদেশগুলোর কাছ থেকে সর্বসম্মত সমর্থন পাওয়ার পর নিজের সিদ্ধান্ত পরিবর্তন করেছেন তিনি। গত কয়েক মাসে সদস্যদেশগুলোর অ্যাসোসিয়েশন তাঁকে আগের সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছিল বলে উয়েফার বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

সেফেরিন বলেন, ‘আমার ওপর আস্থা রাখার জন্য সদস্যদেশগুলোর ফুটবল অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানাতে চাই।’

তিনি আরও বলেন, ‘গত কয়েক বছরে আমরা অসাধারণ সব চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি এবং একটি দল হিসেবে সেগুলো মোকাবিলা করেছি। এখনো গুরুত্বপূর্ণ অনেক কাজ বাকি রয়েছে। তাই তাদের অনুরোধ আমি গ্রহণ করেছি।’

নিজের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সেফেরিন বলেন, ‘আমার লক্ষ্য আগের মতোই রয়েছে—ইউরোপীয় ফুটবলকে ঐক্যবদ্ধ রাখা, আমাদের খেলাকে আরও শক্তিশালী করা এবং পরবর্তী প্রজন্মের জন্য উয়েফাকে প্রস্তুত রেখে যাওয়া।’

২০১৬ সালে প্রথমবার উয়েফার সভাপতি নির্বাচিত হন সেফেরিন। ফিফার দুর্নীতিসংক্রান্ত ঘটনায় ক্রীড়া সালিশি আদালতের (সিএএস) নিষেধাজ্ঞার পর মিশেল প্লাতিনি পদত্যাগ করলে তাঁর স্থলাভিষিক্ত হন তিনি।

আগামী এপ্রিলে কাজাখস্তানে অনুষ্ঠেয় উয়েফা কংগ্রেসে চার বছরের মেয়াদে সভাপতি নির্বাচনের ভোট হবে। সেখানে পুনর্নির্বাচিত হলে এটিই হবে সেফেরিনের শেষ মেয়াদ।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent