অভিজ্ঞ কোচ থাকতে অনভিজ্ঞ এরিক কেন?

বাংলাদেশ নারী ফুটবল দলের প্রধান কোচ পিটার বাটলারের অসুস্থতা ঘিরে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তাঁর অনুপস্থিতিতে আপাতত এক মাসের জন্য অন্তর্বর্তীকালীন প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন ফরাসি কোচ এরিক মারে। তবে ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমাদের মতো অভিজ্ঞ ফুটবলারদের দায়িত্ব তুলনামূলক অনভিজ্ঞ এক বিদেশি কোচের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্তে খোদ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ভেতরেই তৈরি হয়েছে অসন্তোষ।

আগামী ডিসেম্বরের শুরুতে সিঙ্গাপুরের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী দল। এই দুই ম্যাচ সামনে রেখেই মূলত কাজ করতে হবে এরিককে। কিন্তু তাঁর কোচিং ক্যারিয়ার ও আন্তর্জাতিক পর্যায়ে কাজের অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন রয়েছে। ইউরোপের শীর্ষস্থানীয় কোনো ক্লাব কিংবা জাতীয় দলের কোচ হিসেবে কাজ করার উল্লেখযোগ্য অভিজ্ঞতার তথ্যও সামনে আসেনি। ফলে গুরুত্বপূর্ণ এই সময়ে জাতীয় নারী দলের দায়িত্ব তাঁর হাতে তুলে দেওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে বাফুফের অন্দরমহলে।

প্রশ্ন উঠছে, বাফুফের নিজস্ব কাঠামোয় অভিজ্ঞ কোচ থাকা সত্ত্বেও কেন অন্তর্বর্তীকালীন দায়িত্বের জন্য বিদেশি কোচের ওপর নির্ভর করতে হলো? এর আগে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নারী দলের দায়িত্ব পালন করেছেন বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু। নারী ফুটবলে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা রয়েছে গোলাম রব্বানী ছোটনেরও। তিনিও এখন বাফুফের সঙ্গে যুক্ত। তাঁদের মতো পরিচিত ও অভিজ্ঞ কোচ থাকতে মাত্র দুটি ম্যাচের জন্য এরিক মারেকে বেছে নেওয়ার কারণ কী, তা নিয়ে প্রশ্ন তুলছেন ফেডারেশনের একাধিক কর্মকর্তা।

দেশের নারী ফুটবলের কার্যক্রম দীর্ঘদিন ধরে দেখভাল করছেন বাফুফে সদস্য ও নারী উইংয়ের চেয়ারপারসন মাহফুজা আক্তার কিরণ। তবে অন্তর্বর্তীকালীন কোচ নিয়োগের ক্ষেত্রে তাঁর মতামত গুরুত্ব পায়নি বলে জানিয়েছেন তিনি।

কিরণ বলেন, ‘আমাদের টেকনিক্যাল ডিপার্টমেন্ট থেকে আমার ই-মেইলে তিন কোচের বায়োডাটা পাঠানো হয়েছিল মতামত দেওয়ার জন্য। আমি মতামত দিয়েছিলাম। এই কোচের বিষয়ে আমার মত ছিল, তিনি কেবল বয়সভিত্তিক পর্যায়ে কাজ করতে পারেন, সিনিয়র দলে নয়। মতামত দেওয়ার পর দেখলাম, ওই তিন বায়োডাটার মধ্য থেকেই তাঁকে নিয়োগ দেওয়া হয়েছে। এর বেশি আমি কিছু বলতে পারছি না।’

পিটার বাটলারের অধীনে বাংলাদেশ নারী ফুটবলে যে ধারাবাহিকতা তৈরি হয়েছিল, তাঁর অনুপস্থিতিতে সেটি ধরে রাখাই এখন বড় চ্যালেঞ্জ। একই সঙ্গে নতুন কোচের সঙ্গে খেলোয়াড়দের মানিয়ে নেওয়ার বিষয়টিও গুরুত্বপূর্ণ। বিশেষ করে আন্তর্জাতিক ফুটবলে অভিজ্ঞ ঋতুপর্ণা, মনিকাদের নিয়ে দলকে প্রস্তুত করতে হবে মারেকে।

সিঙ্গাপুরের বিপক্ষে দুটি ম্যাচ তাই শুধু আন্তর্জাতিক প্রীতি ম্যাচ নয়, নতুন কোচের জন্যও বড় পরীক্ষা। স্বল্প সময়ে তিনি কতটা কার্যকরভাবে দলকে প্রস্তুত করতে পারেন এবং বাটলারের অনুপস্থিতিতে দলের পারফরম্যান্সের ধারাবাহিকতা কতটা ধরে রাখতে পারেন, সেটিই এখন দেখার বিষয়।

জাতীয় নারী ফুটবল দল বর্তমানে চট্টগ্রামে অনুশীলন ক্যাম্প করছে। আজ সকালে ঢাকায় পৌঁছানো নতুন কোচের রাতেই চট্টগ্রামে যাওয়ার কথা।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent