সাগরিকার হ্যাটট্রিকে উড়ন্ত জয়ে শুরু বাংলাদেশের

সাগরিকার হ্যাটট্রিকে জয় দিয়ে সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ শুরু করলো বাংলাদেশ দল। আজ ১১ জুলাই শুক্রবার রাউন্ড রবিন লিগে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ৯-১ গোলে হারিয়েছে শ্রীলঙ্কাকে। প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে ছিল বিজয়ী দল। স্বাগতিকরা বাকী ছয় গোল করেছে দ্বিতীয়ার্ধে। নিজেদের একমাত্র গোলটি দ্বিতীয়ার্ধে পায় লঙ্কানরা।

সাগরিকার হ্যাটট্রিকের পাশাপাশি বাংলাদেশের হয়ে জোড়া গোল করেছেন মুনকি আক্তার। একটি করে গোল করেন স্বপ্না রানী, সিনহা জাহান শিখা, রুপা আক্তার ও শান্তি মারদি।

বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচের দ্বিতীয় মিনিটে স্বপ্না রানী বাংলাদেশের হয়ে প্রথম গোল করেন। পঞ্চম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মুনকি।
২-০ গোলে এগিয়ে থেকেও আক্রমণের ধার কমায়নি বাংলাদেশ। তবে তৃতীয় গোলের জন্য ৩৭ মিনিট অপেক্ষা করতে হয় তাদের। সিনহা জাহানের ক্রস থেকে প্রতিপক্ষের জালে বল পাঠান সাগরিকা। ৩-০ গোলে এগিয়ে থেকে ম্যাচের প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ।

৪৮ মিনিটে বদলি শান্তি মারদির ক্রসে গোল করেন মুনকি আক্তার। ৫০ মিনিটে শিখার গোলে ৫-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ।

এরপর পাঁচ মিনিটের ব্যবধানে দুই গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন সাগরিকা। ৫৩ ও ৫৮ মিনিটে গোল দু’টি করেন সাগরিকা। সাগরিকার হ্যাটট্রিকে ৭-০ গোলে এগিয়ে বড় জয়ের পথে হাঁটতে থাকে বাংলাদেশ।

শেষ দিকে বাংলাদেশের জয়কে আরও বড় করে দেন রূপা ও শান্তি। ৮৬ মিনিটে রূপার গোলে ৮-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ।

ইনজুরি সময়ের দ্বিতীয় মিনিটে (৯২ মিনিট) শ্রীলঙ্কার হয়ে একমাত্র গোল করেন লায়নসিকা জাসোথারান।

৯৪ মিনিটে বাংলাদেশের হয়ে নবম ও শেষ গোল করেন শান্তি। এতে ৯-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

১৩ জুলাই নেপালের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। এরপর ১৫ ও ১৭ জুলাই ভুটানের মুখোমুখি হবে তারা। ১৯ জুলাই আবার শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয়বারের মতো খেলবে বাংলাদেশ। ২১ জুলাই নিজেদের শেষ ম্যাচে নেপালের মুখোমুখি হবে সাগরিকা-স্বপ্নারা। বাসস।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent